কারাভোগের তিক্ত অভিজ্ঞতা জানালেন রাজপাল যাদব
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম
রাজপাল যাদব
নয় কোটি রুপি চেক বাউন্স মামলায় জামিনে মুক্তি পেয়েছেন ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব। জেল থেকে বেরিয়ে সোজা শাহজাহানপুরে ভাগ্নির বিয়েতে গিয়েছিলেন। সেখানে আনন্দে নিজেকে ভাসিয়ে দেন, সেই মুহূর্তের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ইন্ডাস্ট্রির কয়েকজন সহশিল্পীর অর্থনৈতিক সহযোগিতার কারণে জেল থেকে মুক্তি পেয়েছেন রাজপাল যাদব। কৃতজ্ঞতা জানিয়ে এই অভিনেতা বলেন, “আমি যে ভালোবাসা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ। এই সময়ে আমার কাছে সবচেয়ে বেশি যে বিষয়টি আকর্ষণ করেছে, তা হলো মানুষের আস্থা। আমার মতো কোনো ব্যক্তির জন্য তাদের শ্রদ্ধা, সময় দেওয়া, আমার কথা শোনা সবটাই আমার জন্য বড় পাওয়া।”
জেল জীবনের অভিজ্ঞতা জানিয়ে রাজপাল যাদব বলেন, “পরিবার থেকে দূরে থাকা সবচেয়ে কঠিন সময় ছিল। আমি একটা রুটিন মেনে চলতাম। আমি খুব ভোরে ঘুম থেকে উঠতাম, ব্যায়াম করতাম এবং মানসিক স্বাস্থ্য ঠিক রাখার চেষ্টা করতাম।”
মামলা সম্পর্কে রাজপাল যাদব বলেন, “বিষয়টি বহু বছর ধরেই চলছে। আমার মনে হয়, এটা আইনের পথে মীমাংসা হলেই ভালো হবে।”
রাজপাল যাদবের স্ত্রী রাধা বলেন, “সম্ভাব্য সব আইনি এবং সম্মানজনক বিকল্প বিবেচনা করা হয়েছে। কখনো কখনো একটা সমাধান কেবল ইচ্ছাশক্তির উপর নয়, সময়ের উপরও নির্ভর করে।”
*হিন্দুস্তান টাইমস অবলম্বনে
ঢাকা/শান্ত