ডিএসইতে নামমাত্র উত্থান, সিএসইতে পতন
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নামমাত্র সূচকের উত্থান হলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পতনে লেনদেন শেষ হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী প্রথম কার্যদিবস বাদে টানা চার কার্যদিবস পুঁজিবাজারে সূচকের পতন ঘটেছে।
এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে টানা কয়েক কার্যদিবস সূচকের পতনমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী এটা কাম্য নয়। নির্বাচিত সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে কোনো কারসাজি চক্র সক্রিয় রয়েছে কি-না তা খতিয়ে দেখা প্রয়োজন।
বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেনের শেষদিকে তা পতনে রূপ নেয়। রবিবার সকালে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই ও সিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেন শুরুর ১৬ মিনিট পর সূচক পতনমুখী অবস্থানে চলে আসে। এর আধা ঘণ্টা পর ফের সূচক ঊর্ধ্বমুখী অবস্থানে ফিরে। তবে লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সূচকের পতনমুখী প্রবণতা অব্যাহত ছিল।
ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৬৭ পয়েন্টে। ডিএসই শরিয়াসূচক ০.৩০ পয়েন্ট কমে ১ হাজার ৯৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬.৩২ পয়েন্ট কমে ২ হাজার ১০৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১২৩টি কোম্পানির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত আছে ৭১টির।
এ দিন ডিএসইতে মোট ৫৬৮ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়ে ছিল ৫৫৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৬.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৪১৩ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৪৮.৭২ পয়েন্ট কমে ১৫ হাজার ৩০২ পয়েন্টে, শরিয়াসূচক ২.০১ পয়েন্ট কমে ৯২৪ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩.২১ পয়েন্ট কমে ১৩ হাজার ৯০২ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১৫০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৪৪টি কোম্পানির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত আছে ১৩টির।
এ দিন সিএসইতে ১৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/ইভা