চাঁদাবাজির মামলায় সাবেক ছাত্রদল নেতাসহ ৪ জন কারাগারে
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়ায় এক সরকারি কর্মচারীকে অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগে গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মোহনসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আদালতে হাজির করার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার অন্যরা হলেন—মেহেদী হাসান, রবিউল ইসলাম রকি ও আশেকুল ইসলাম।
বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ (পরিদর্শক) ইকবাল বাহার বলেন, “বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”
মামলার এজাহার সূত্রে জানা যায়, বগুড়া সদর উপজেলা প্রকৌশলী কার্যালয়ের কার্যসহকারী আব্দুল হান্নান গত ১৬ ফেব্রুয়ারি বিকেলে শহরের জলেশ্বরীতলা এলাকার একটি রেস্টুরেন্টে এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন। এ সময় অভিযুক্তরা সেখানে গিয়ে তাদের জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে একটি কক্ষে আটকে রেখে ওই নারীর সঙ্গে আপত্তিকর ছবি তুলে মারধর করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
অভিযোগে বলা হয়, সম্মানের ভয়ে আব্দুল হান্নান তাৎক্ষণিক তাদের ২০ হাজার টাকা প্রদান করেন। পরে ব্যাংক থেকে আরো ১ লাখ ৮০ হাজার টাকা তুলে অভিযুক্তদের দেন। এছাড়া, ৩০০ টাকার স্ট্যাম্পে তার স্বাক্ষর নেওয়া হয়। মুক্তি পাওয়ার পর বাকি ৮ লাখ টাকার জন্য মোবাইলে হুমকি দেওয়া হচ্ছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গত ১৯ ফেব্রুয়ারি বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হলে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে।
ঢাকা/এনাম/রাজীব