রিয়ালের হারে শিরোপার দৌড়ে দরজা খুলে গেল বার্সার
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম
লা লিগার শিরোপা লড়াইয়ে নাটকীয় মোড়। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ শনিবার রাতে ওসাসুনার কাছে অপ্রত্যাশিতভাবে হেরে বসেছে। রাউল গার্সিয়ার নব্বই মিনিটের দুর্দান্ত গোলেই ডুবে যায় সাবেক চ্যাম্পিয়নরা। আর এই হোঁচটেই নতুন করে প্রাণ ফিরে পেয়েছে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা।
রিয়ালের থেকে দুই পয়েন্ট পিছিয়ে থাকা এবং একটি ম্যাচ কম খেলা বার্সেলোনা রবিবার লেভান্তেকে হারাতে পারলেই শীর্ষে উঠে যাবে। ফলে শিরোপা লড়াইয়ে উত্তেজনা এখন তুঙ্গে।
ম্যাচের শুরু থেকেই ওসাসুনা আত্মবিশ্বাসী। আন্তে বুদিমিরের পেনাল্টি গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। যদিও ভিনিসিয়ুসের দুর্দান্ত এক গোল রিয়ালকে প্রথমার্ধেই সমতায় ফেরায়। কিন্তু পুরো ম্যাচে মাদ্রিদের খেলায় ছিল না সেই ধার, ছিল না গতি। গত সপ্তাহে বেনফিকার বিপক্ষে হারের প্রভাব যেন এখনও কাটিয়ে উঠতে পারেনি রিয়াল। গুরুত্বপূর্ণ এই অ্যাওয়ে ম্যাচে নিজেদের ছায়া হয়ে ছিল দলটি।
ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড বুদিমির শুরু থেকেই রিয়াল রক্ষণে আতঙ্ক ছড়ান। গোলরক্ষক থিবো কুর্তোয়া কয়েকবার দারুণ সেভ করে দলকে বাঁচান। কিন্তু এক পর্যায়ে বুদিমির বক্সে ঢুকে পড়ে কুর্তোয়ার চ্যালেঞ্জে মাটিতে লুটিয়ে পড়েন। শুরুতে ডাইভিংয়ের জন্য হলুদ কার্ড দেখলেও পরে পুনরালোচনায় স্পষ্ট হয় গোলরক্ষক তার পায়ে পা দিয়েছেন। পেনাল্টি থেকে নিজেই গোল করেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে রিয়াল চাপ বাড়ায়। আর্দা গুলারের জোরালো শট অল্পের জন্য বাইরে যায়। কিলিয়ান এমবাপ্পেও জালে বল পাঠিয়েছিলেন, কিন্তু অফসাইডে তা বাতিল হয়।
শেষ পর্যন্ত ফেদে ভালভার্দের দুর্দান্ত দৌড়ে তৈরি হওয়া সুযোগ থেকে ভিনিসিয়ুস সমতা ফেরান। সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা ব্রাজিলিয়ান তার শেষ চার ম্যাচে পঞ্চম গোলটি করেন এদিন। কিন্তু নাটক তখনও বাকি। ম্যাচের শেষ মুহূর্তে রাউল গার্সিয়া দূরপাল্লার শটে রিয়ালের জালে বল জড়ান। সেই গোলেই নিশ্চিত হয় ওসাসুনার স্মরণীয় জয়।
ম্যাচ শেষে রিয়াল কোচ আরবেলোয়া স্বীকার করেছেন, “এটা আমাদের ভালো ম্যাচ ছিল না। আমাদের আরও ভালো খেলতে হবে। হারতে কেউ পছন্দ করে না, আমরা তো নয়ই। তবে পথ এখনও অনেক বাকি।”
এই জয়ে ওসাসুনা তালিকার নবম স্থানে উঠে এসেছে। আর রিয়াল? তাদের শিরোপার দৌড় হঠাৎই হয়ে উঠেছে অনিশ্চিত। এখন চোখ থাকবে বার্সেলোনার ম্যাচের দিকে। শিরোপা লড়াইয়ে এক হোঁচটই কখনো কখনো পুরো চিত্র পাল্টে দেয়। পামপ্লোনার রাত যেন সেই ইঙ্গিতই দিল।
ঢাকা/আমিনুল