মাধুরীর চোখে চোখ রেখে সংলাপ বলা কঠিন: জ্যাকি
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম
জ্যাকি শ্রফের সঙ্গে মাধুরী দীক্ষিত
ভারতীয় সিনেমার তারকা অভিনয়শিল্পী মাধুরী দীক্ষিত ও জ্যাকি শ্রফ। কয়েক দিন আগে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর চতুর্থ সিজনের শেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ আলাপচারিতায় একসঙ্গে কাজ করার নানা অভিজ্ঞতা ভাগ করে নেন তারা। জ্যাকি শ্রফ জানান, মাধুরীর সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে লজ্জা বোধ করতেন তিনি।
জ্যাকি শ্রফের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণ করে মাধুরী দীক্ষিত বলেন, “কর্মা’ সিনেমার শুটিং সেটে তার সঙ্গে প্রথমবার সাক্ষাৎ হয়। এই সিনেমায় ছোট একটি গান গেয়েছিলাম। এতে জাগু দাদা, অনিলজি ছিলেন। তারা দুজনেই এক কোণ থেকে আমাকে দেখছিলেন। আমি তখন একেবারেই নতুন, তাই খুব নার্ভাস ছিলাম। সিনেমাটিতে আমার ছোট্ট অংশ ছিল, শুধু ওই গানটি। জাগু দাদা ও শ্রীদেবী সেই গানটি দেখে নিজেদের কল্পনা করতেন।”
স্মৃতিচারণ করে জ্যাকি শ্রফ বলেন, “সরোজ খানের কাছে প্রথম মাধুরীর কথা শুনি। সুভাষ ঘাইকে সে বলেছিল, মাধুরী সুন্দরী নায়িকা এবং অসাধারণ একজন নৃত্যশিল্পী, তাকে কাস্ট করা উচিত। আমি আজও তার প্রতিভায় মুগ্ধ।”
মাধুরী দীক্ষিত
সঞ্চালক কপিল শর্মা জানতে চান, রিহার্সল বাদ দিয়ে আপনি কেন মাধুরীর নাচ দেখছিলেন? জবাবে জ্যাকি শ্রফ বলেন, “কখনো কখনো নিজেকে ভুলে যেতে হয়। মাধুরী আমার সঙ্গে সব ধরনের চরিত্রে অভিনয় করেছে। সে আমার স্ত্রী, প্রেমিকা, এমনকি ‘সংগীত’ সিনেমায় আমার শাশুড়ির ভূমিকাও কাজ করেছে।”
এরপর সঞ্চালক মাধুরীর কাছে জানতে চান, আপনার সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে কি কোনো অভিনেতা নার্ভাস হয়েছেন? এ কথা শুনে পাশে বসা জ্যাকি শ্রফ সঙ্গে সঙ্গে বলেন, “মাধুরীর সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে গেলে লজ্জা পেতাম। আমি এতে অভ্যস্ত ছিলাম না।”
একটি সিনেমার দৃশ্যে জ্যাকি শ্রফ ও মাধুরী দীক্ষিত
খানিকটা ব্যাখ্যা করে জ্যাকি শ্রফ বলেন, “আসলে সিনেমা বাস্তব জীবনের মতো করে ধারণ করা হয়; কিছু অনুভূতি ব্যক্তিগত, হৃদয়ে বাস করে। সেগুলো পর্দায় কীভাবে প্রকাশ করব? মাধুরী যখন কথা বলে, তখন তার চোখে চোখ রেখে সংলাপ বলা বা গান গাওয়া খুব কঠিন। ও খুবই সুন্দর এবং অভিব্যক্তিপূর্ণ। নিজের চরিত্রে পুরোপুরি ডুবে যায়। রোমান্টিক সিনেমা হলে সত্যিই ও রোমান্সে মগ্ন থাকে।”
*ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে
ঢাকা/শান্ত