চরাঞ্চলে অর্গানিক কৃষির সূচনা করতে হবে: কৃষিমন্ত্রী
কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমীন উর রশীদ বলেছেন, “চরাঞ্চলে অর্গানিক কৃষির সূচনা করতে হবে। দেশের বিস্তীর্ণ চর এলাকায় মাটির গুণাগুণ ভালো। চরাঞ্চলে রপ্তানিমুখী অর্গানিক শস্য উৎপাদনের জন্য আদর্শ পরিবেশ বিদ্যমান। ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করতে হলে চরাঞ্চলের কৃষি উন্নয়নে প্রাধান্য দিতে হবে।”
রবিবার (২২ ফেব্রুয়ারি) কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় ও দপ্তর/সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।
মন্ত্রী বলেন, “কৃষি খাত শক্তিশালী হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। কৃষি খাতকে ঢেলে সাজানো হবে।”
সারের ব্যবহার কমানো, মাটির গুণাগুন ঠিক রাখা, সেচের জন্য খাল খননসহ বিবিধ বিষয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন মন্ত্রী।
সভায় কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “প্রকৃত কৃষকরা যাতে প্রণোদনা, কৃষি ঋণসহ সহায়তা পান, সে বিষয়ে কাজ করতে হবে। কৃষক কার্ড দেওয়ার জন্য সরকার কাজ শুরু করেছে।”
ঢাকা/এএএম/রফিক