ঢাকা     সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১০ ১৪৩২ || ৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কলকাতার রাস্তায় শাকিবের অ্যাকশন!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৪:৫৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
কলকাতার রাস্তায় শাকিবের অ্যাকশন!

কলকাতায় শুটিং করছেন শাকিব খান

মুখে ঘন দাড়ি-গোঁফ। মাথায় লালচে রঙের এলোমেলো চুল। দুপুরের রোদ পড়েছে চোখে-মুখে। বুক খোলা জিনসের জ্যাকেটের ভিতর থেকে শার্টের উঁকিঝুঁকি। বাইকে চেপে কলকাতার বৌবাজারের মাধো ভবনের বাইরে গিয়ে দাঁড়ান ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। 

শ্রীলঙ্কায় ‘প্রিন্স’ সিনেমার শুটিং শেষ করে কলকাতায় অবস্থান করছেন শাকিব খান। কলকাতার রাস্তায় সিনেমাটির অ্যাকশন দৃশ্যের শট দেওয়ার সময়ে এই চিত্র পাওয়া যায়।  

আরো পড়ুন:

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, শ্রীলঙ্কায় শুটিংয়ের পর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে কলকাতায় নিঃশব্দে ‘প্রিন্স’ সিনেমার শুটিং করছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। হাওড়া, বৌবাজার, আলিপুর জেল হয়ে ভারতলক্ষ্মী স্টুডিও—সর্বত্র শাকিব খানের গতিবিধি। কলকাতার পর ‘প্রিন্স’ টিম হায়দরাবাদে উড়ে যাবে। 

হাওড়ার একটি বন্ধ কারখানায় ‘প্রিন্স’ সিনেমার শুটিং হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি সারা রাত সেখানে দৃশ্যধারণের কাজ হয়েছে। গত ১১ ফেব্রুয়ারি, বৌবাজারের মাধো ভবন ও মধ্য কলকাতার ক্রসিংয়ের বিশাল এলাকায় শুটিং হয়েছে। শাকিবের সঙ্গে শুটিংয়ে অংশ নিয়েছেন  তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুন্ডু, লোকনাথ দে, পিয়ান সরকার, মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের মতো একঝাঁক তারকা। 

এ সিনেমায় ক্যামেরার কাজ সামলাচ্ছেন বলিউডের অমিত রায়, শৈলেশ অবস্থী। রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমার চিত্রগ্রাহক ছিলেন অমিত।  

‘প্রিন্স’ দিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে আবু হায়াত মাহমুদের। এর আগে অসংখ্য টিভি নাটক নির্মাণ করেছেন তিনি। তাছাড়া ‘প্রিন্স’ সিনেমা দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছে ক্রিয়েটিভ ল্যান্ড। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়