ঢাকা     বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৭ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘প্রিন্স’ সিনেমার টিজারে শাকিবের ধুন্ধুমার অ্যাকশন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ১২ মার্চ ২০২৬   আপডেট: ১৫:২৪, ১২ মার্চ ২০২৬
‘প্রিন্স’ সিনেমার টিজারে শাকিবের ধুন্ধুমার অ্যাকশন

‘প্রিন্স’ সিনেমার টিজারে এমন রূপে দেখা যায় শাকিব খানকে

ঢাকাই চলচ্চিত্র রাজ করছেন মেগাস্টার শাকিব খান। তাকে নিয়ে নাট্যনির্মাতা আবু হায়াত মাহমুদ নির্মাণ করছেন ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম’ সিনেমা। অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল সিনেমাটির টিজার।  

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১টার দিকে এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে টিজারটি। ১ মিনিট ২৯ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারটিকে নির্মাতারা বলছেন—“প্রি-ব্লাস্ট।” টিজারে গ্যাংস্টার রূপে দেখা যায় শাকিব খানকে। 

আরো পড়ুন:

টিজারের শুরুতেই দেখা যায়, ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অপরাধের চিত্র, এরপরই দৃশ্যপটে হাজির হন প্রিন্স চরিত্রের অভিনেতা শাকিব খান। লম্বা চুল, চোখে সানগ্লাস; অ্যাকশনের মেজাজে প্রিন্স গুলিতে ধরাশায়ী করেন প্রতিপক্ষ আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

টিজারে শাকিবের আরেকটি চেহারা সামনে এসেছে—তুলনামূলক ছোট চুল, লুকও ভিন্ন। এটি কি প্রিন্সের আগের গল্প, নাকি দ্বৈত চরিত্র, সেটা অবশ্য স্পষ্ট করা হয়নি। টিজারে দেখা গেছে আলোচিত ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকে; এ ছাড়া শাকিবের দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুর ঝলকও রয়েছে।

টিজারটি শাকিব খান তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লেখেন, “আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি!”

শুরুতে গুঞ্জন ছড়িয়েছিল ‘প্রিন্স’ সিনেমা নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর! তবে নির্মাতা আবু হায়াত আগেই পরিষ্কার করেন, তারা যে গল্প নিয়ে ‘প্রিন্স’ নির্মাণ করছেন-সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নির্ভর নয়। এটা স্রেফ গুজব ছাড়া কিছু নয়। তিনি বলেন, “এটি বড় আয়োজনের কমার্শিয়াল সিনেমা।”

শাকিব খান ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন—তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু, সাবিলা নূর, নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজ প্রমুখ। ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়