আই কে মিউজিক স্টেশনের ঈদ আয়োজন
ঈদুল ফিতর উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন করেছে আই কে মিউজিক স্টেশন। সিজন–৪ উপলক্ষে একসঙ্গে ৩০টি গানের শুটিং সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি, যা পর্যায়ক্রমে ঈদে মুক্তি পাবে।
সম্প্রতি বিএফডিসির একটি ফ্লোরে জমকালো আয়োজনে এসব গানের শুটিং শেষ হয়েছে। এ সিজনে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের পাশাপাশি নতুন শিল্পীরাও অংশ নিয়েছেন। প্রতিটি গানই প্রকাশিত হবে আই কে মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে।
সবগুলো গানের কথা লিখেছেন সময়ের জনপ্রিয় গীতিকার ও সুরকার মুনসুর সানী। আয়োজন ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এমদাদ খান ও মুনসুর সানী।
সংশ্লিষ্টরা জানান, বাংলা গানের প্রতি ভালোবাসা থেকেই প্রবাসে থেকেও তারা নিয়মিত নতুন গান তৈরি করছেন। ঈদুল ফিতরে ‘ওগো সখি’ শিরোনামে একটি গানসহ একাধিক মিউজিক ভিডিও প্রকাশের পরিকল্পনা রয়েছে, যা নিয়ে তারা বেশ আশাবাদী।
বৈচিত্র্যময় সুর ও উপস্থাপনায়—আই কে মিউজিক স্টেশনের ঈদ আয়োজনে দর্শক-শ্রোতারা নতুন মাত্রার বিনোদন পাবেন বলেই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
ঢাকা/রাহাত/শান্ত