ঢাকা     রোববার   ১৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৬ ১৪৩৩ || ১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘হেরা ফেরি থ্রি’ নিয়ে দুঃসংবাদ: অক্ষয় কী কারণ ব্যাখ্যা করলেন?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ১৯ এপ্রিল ২০২৬  
‘হেরা ফেরি থ্রি’ নিয়ে দুঃসংবাদ: অক্ষয় কী কারণ ব্যাখ্যা করলেন?

‘হেরা ফেরি’ ফ্যাঞ্চাইজির তিন রত্ন

সুনীল শেঠি, অক্ষয় কুমার ও পরেশ রাওয়াল অভিনীত বলিউডের জনপ্রিয় কমেডি সিনেমা ‘হেরা ফেরি’। এ সিনেমা ফ্যাঞ্চাইজির প্রথম পার্ট মুক্তি পায় ২০০০ সালে। অর্ধযুগের বিরতি ভেঙে নির্মিত হয় সিনেমাটির দ্বিতীয় পার্ট। এ সিনেমা ফ্যাঞ্চাইজিতে রাজু, শ্যাম ও বাবুরাও চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেন অক্ষয়, সুনীল ও পরেশ। 

এ ফ্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নির্মাণের কাজও শুরু করেন পরিচালক প্রিয়দর্শন। তারপর নানা ধরনের জটিলতা তৈরি হয়। কখনো তারকাদের মনোমালিন্যতা, কখনো প্রযোজকের সঙ্গে জটিলতা—এসব বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে নানা আলোচনা চলছে। সবকিছু কাটিয়ে শুটিং শুরুর কথা ছিল। কিন্তু তা হয়নি। আপাতত বন্ধ সিনেমাটির কার্যক্রম। শুভঙ্কর মিশ্রাকে দেওয়া সাক্ষাৎকারে এমন তথ্য জানান অক্ষয় কুমার।   

আরো পড়ুন:

অক্ষয় কুমার বলেন, “এখন সিনেমাটি নির্মিত হচ্ছে না।” এরপর সঞ্চালক জানান, ভক্তরা ভেবেছিলেন সব সমস্যা মিটে গেছে। এ কথা শুনে অক্ষয় কুমার বলেন, “না, না, ঠিক হয়নি।” অক্ষয়ের এমন বক্তব্যে ভক্তরা হতাশ হবেন, এটাই স্বাভাবিক। এ নিয়ে অক্ষয় নিজেও হতবাক। তিনি বলেন, “সত্যি বলতে, আমিও অবাক হয়ে গেছি।”

সিক্যুয়েলটি কখনো হবে না, এমন নয়। কিছুটা আশা জাগিয়ে অক্ষয় কুমার বলেন, “সম্ভবত কিছু একটা হবে। হয়তো আমাদের প্রার্থনা করতে হবে। কিন্তু এখন কিছুই হচ্ছে না। অন্তত আগামী এক বছরেও কিছু হবে না।” সিনেমাটির মূল অভিনেতা তিনজন। তাদের মধ্যে কোনো সমস্যা আছে কি না? এমন প্রশ্নের জবাবে অক্ষয় কুমার বলেন, “না, শুধু এই কারণ নয়। আরো অনেক সমস্যা আছে।”

এরই মধ্যে পরেশ রাওয়াল, সুনীল শেঠি অন্য একটি সিনেমায় কাজ করছেন। এ তথ্য উল্লেখ করে অক্ষয় কুমার বলেন, “আমরা সবাই ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমায় একসঙ্গে কাজ করছি। তাই আমাদের একসঙ্গে কাজ না করার বিষয় নয়।” তবে সমস্যাটা কোথায়? জবাবে এই তারকা অভিনেতা বলেন, “কিছু বিষয় আছে যা, ক্যামেরার সামনে বলা যায় না। চুক্তি ও অন্যান্য সমস্যার কারণে বারবার কাজটি পিছিয়ে যাচ্ছে।” 

‘হেরা ফেরি থ্রি’ সিনেমা আইনি ও প্রযোজনাগত সমস্যার মধ্যে রয়েছে। সেভেন আর্টস ইন্টারন্যাশনাল মাদ্রাজ হাইকোর্টে একটি মামলা করেছে। মামলার নথিতে দাবি করা হয়েছে—প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার কাছে এই ফ্র্যাঞ্চাইজির রাইটস নেই। তাছাড়া কাস্টিং ও চুক্তি সংক্রান্ত সমস্যাও ছিল। পরেশ রাওয়াল চুক্তি সংক্রান্ত কারণে সিনেমাটির কাজ একবার ছেড়েও দিয়েছিলেন। যদিও পরে ফিরে আসেন।  

এত বাধার পরও আশাবাদী অক্ষয় কুমার বলেন—“আমার মনে হয় সঠিক সময় হলে এটা নিজে থেকেই হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। আশা করি, আমরা খুব বেশি বুড়িয়ে যাওয়ার আগেই যেন এটা হয়।” 

*টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়