তেলের দাম বাড়লেও সংকট কাটেনি, পাম্পে অপেক্ষার দীর্ঘ লাইন
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
কালিয়াকৈরে স্বপ্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন। ছবি: রাইজিংবিডি
তেলের দাম বাড়লেও সংকট কাটেনি পাম্পে অপেক্ষার দীর্ঘ লাইন
জ্বালানির দাম বাড়লেও গাজীপুরে সংকট অব্যাহত, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল পাচ্ছে না বাস, ট্রাক ও মোটরসাইকেল। গাজীপুরের শতাধিক তেলের পাম্পের কর্মীরা বসে বসে অলস দিনযাপন করছেন। অপরদিকে দূর দূরান্ত থেকে আসা বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্য যানবাহন চালকেরাও পাম্পে তেলের আশায় বসে থাকছেন।
রবিবার (১৯ এপ্রিল) সকাল থেকে গাজীপুরের অন্তত ১২টি পাম্পে ঘুরে দেখা যায়, কোথাও জ্বালানি দেওয়া হচ্ছে না। তবুও বিকেলে তেল পাবে এমন আসায় সকাল থেকেই পাম্পে ভিড় করছেন গ্রাহকেরা। কেউ গাড়িতে বসে মোবাইল চালাচ্ছেন, কেউ একে অপরের সঙ্গে গল্প করছেন। অনেকের মুখে বিরক্তির ছাপ, অনেকেই আবার সিরিয়াল দিয়ে হাতের কাজ শেষ করতে চলে গেছেন।
তেলের ভোক্তারা বলেন, এখানকার চার-পাঁচটা পাম্পে বিকেলে তেল দেয়া হবে এই কথা শুনে লম্বা লাইনে দাঁড়িয়ে আছে সবাই। একদিকে তেল পাচ্ছেন না, অপরদিকে মূল্য বাড়ানো হয়েছে। এটা জীবনযাত্রার ওপর অতিরিক্ত খরচের বোঝা বাড়াবে। শুধু দাম নয়, অতিরিক্ত সময় ও শ্রম ব্যয় হচ্ছে বলেও অভিযোগ তাদের৷ এছাড়াও সরকারের কাছে দ্রুত আরো কার্যকর ভূমিকা রাখার আহবান তাদের।
এদিকে গত শনিবার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করে, যা আজ থেকে কার্য়কর হবে। এবার ডিজেলের দাম ১৫ শতাংশ বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অকটেনের দাম ১২০ থেকে বেড়ে হয়েছে ১৪০ টাকা। পেট্রোলের দাম ১১৬ থেকে বেড়ে হয়েছে ১৩৫ টাকা। আর কেরোসিনের দাম ১১২ থেকে বেড়ে হয়েছে ১৩০ টাকা। এর আগে ২০২২ সালের আগস্টে অকটেনের দাম সর্বোচ্চ ১৩৫ ও পেট্রলের দাম ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই মাসে আবার দাম ৫ টাকা কমিয়ে ১৩০ ও ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।
পাম্প কর্তৃপক্ষ বলছেন, জীবিকা হারিয়ে মারাত্মক দুর্বিপাকে পড়েছেন যানবাহন চালকেরা। অপরদিকে রেশনিং পদ্ধতিতে তেল পাওয়ায় তারা ভোক্তার চাহিদামাফিক তেল দিতে পারছেন না।
নাহিদ হোসেন নামে এক গাড়িচালক বলেন, এমনিতেই তেল পাওয়া যায় না, তারমধ্যে আবার দাম বেড়েছে। আমরা কোনদিকে যাব৷ দাম বেড়েছে ভাবলাম যদি তেল পাওয়া যায় কিন্তু এসে দেখি কোনো পাম্পেই তেল নেই। শুনেছি বিকেলে তেল পাওয়া যেতে পারে, এজন্য অপেক্ষা করছি।
কালিয়াকৈরে স্বপ্ন ফিলিং স্টেশনে কথা হয় সোহেল নামে এক বাইকারের সঙ্গে। তিনি বলেন, ২ সপ্তাহ আগে ১১ ঘণ্টা অপেক্ষা করে তেল পেয়েছিলাম। এখন তেল শেষ এজন্য অপেক্ষায় রয়েছি, জানিনা আজ কখন তেল পাব, অনিশ্চিত অবস্থায় অপেক্ষায় রয়েছি। আমার মতো শতশত মানুষ অপেক্ষায় রয়েছে।
ঢাকা/রেজাউল/ফিরোজ