ঢাকা     শনিবার   ১৩ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩ || ২৭ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘পরমব্রত আমাকে বিয়ে করেনি, এজন্য তারা দুঃখ পেয়েছেন’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৩, ৯ জুন ২০২৬   আপডেট: ১১:৪৮, ৯ জুন ২০২৬
‘পরমব্রত আমাকে বিয়ে করেনি, এজন্য তারা দুঃখ পেয়েছেন’

পরমব্রত চ্যাটার্জি ও রাইমা সেন

অভিনেতা-নির্মাতা পরমব্রত চ্যাটার্জির সঙ্গে জুটি বেঁধে অনেক সিনেমায় কাজ করেছেন ভারতীয় বাংলা সিনেমার লাস্যময়ী অভিনেত্রী রাইমা সেন। ফের এ জুটিকে দেখা যাবে ‘আবার হাওয়া বদল’ সিনেমায়। অভিনয়ের পাশাপাশি এটি পরিচালনাও করেছেন পরমব্রত। 

এ সিনেমার প্রচার অনুষ্ঠানে গিয়ে পরমব্রত জানান—অনেকেই জানেন, রাইমা সেন-পরমব্রত বিবাহিত! এসময় রাইমাও সেখানে উপস্থিত ছিলেন। পরমের এ কথার সঙ্গে সহমত পোষণ করেন তিনি। 

এরই মধ্যে ভারতীয় একটি গণমাধ্যমে একসঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন রাইমা-পরম। এ আলাপচারিতায় রাইমার কাছে জানতে চাওয়া হয়, পরিচালক পরমব্রত কী শুটিং সেটে বেশি চেঁচামেচি করেন? জবাবে রাইমা বলেন, “আমার কখনো এমনটা মনে হয়নি। পরম খুবই কুল ডিরেক্টর। তাছাড়া আমরা একসঙ্গে এত কাজ করেছি যে, আলাদা একটা কমফোর্টজোন তৈরি হয়েছে।” 

এরপর জানতে চাওয়া হয়, পরম-রাইমা জুটির ম্যাজিকটা ঠিক কী? জবাবে পরমব্রত বলেন, “এটার উত্তর রাইমা দেবে, ফ্লাইটের ঘটনাটা বল।” তারপর রাইমা বলেন, “আমি যখন ফ্লাইটে ট্র্যাভেল করি, এয়ারহোস্টেসরা এসে বলেন, পরম (পরমব্রত চ্যাটার্জি) আমাকে বিয়ে করেননি, এজন্য তারা ভীষণ দুঃখ পেয়েছেন। এখনো ইনস্টাগ্রামে আমাকে অনেকে বলেন, ‘আপনাকে আর বিয়ে করতে হবে না। পরমের তো বাচ্চাও হয়ে গিয়েছে।” 

ভারতীয় বাংলা সিনেমার প্রথম সারির অধিকাংশ নায়িকা বিয়ে করে থিতু হয়েছেন। এ তালিকায় রয়েছেন—পাওলি দাম, কোয়েল মল্লিক, নুসরাত জাহান, শুভশ্রী গাঙ্গুলির মতো তারকারা। তাদের কেউ কেউ এখন একাধিক সন্তানের মা। তবে রাইমা সেন ছেচল্লিশেও অবিবাহিত। কেবল তাই নয়, সিঙ্গেল বলেও দাবি তার। এ অভিনেত্রীর বিয়ে নিয়ে ভক্ত-অনুরাগীদের মাথা ব্যথার শেষ নেই। অন্যদিকে, ২০২৩ সালে বিয়ে করেন পরমব্রত। এরই মধ্যে পুত্রসন্তানের বাবাও হয়েছেন তিনি।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়