সমকামী গুঞ্জনে মুখ খুললেন মৌনী
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম
অভিনেত্রী মৌনী রায়
সূরজ নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহ পর ব্যক্তিগত জীবন ঘিরে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী মৌনী রায়। বিশেষ করে তার যৌন পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া জল্পনারও জবাব দিয়েছেন তিনি।
সম্প্রতি ইউটিউবার মনিকা শর্মার সঙ্গে এক আলাপচারিতায় মৌনীকে জিজ্ঞাসা করা হয়, বলিউডে তাকে নিয়ে শোনা সবচেয়ে বড় গুজব কী? কোনো দ্বিধা ছাড়াই অভিনেত্রী উত্তর দেন, “আমি সমকামী—এটাই।”
বিচ্ছেদের পরের সময়টা তার জন্য সহজ ছিল না বলে জানান মৌনী। তবে এই কঠিন সময়ে বন্ধু ও পরিবারের কাছ থেকে সবসময় সমর্থন পেয়েছেন তিনি। অভিনেত্রীর ভাষায়, “আমি নিজেকে ভাগ্যবান মনে করি, কারণ আমার বন্ধু ও পরিবার সব সময় আমার পাশে ছিল।”
বিশেষ করে নিজের নারী বন্ধুদের কথা উল্লেখ করে মৌনী বলেন, “আমার জীবনে সব সময়ই কিছু অসাধারণ বান্ধবী ছিল। ভালো সময় হোক বা খারাপ, তারা সবসময় আমার পাশে থেকেছে। জীবনে এমন মানুষের থাকা খুব গুরুত্বপূর্ণ, যারা আপনাকে সাহস দেয় এবং এগিয়ে যেতে উৎসাহিত করে। আমার বান্ধবীরাই সেরা।”
এ সময় বর্তমান প্রজন্মের মেয়েদের আর্থিক ও মানসিকভাবে স্বাবলম্বী হওয়ার পরামর্শও দেন অভিনেত্রী। তার ভাষায়, “মেয়েদের আর্থিক ও মানসিকভাবে শক্ত হওয়া প্রয়োজন। নিজের পায়ে দাঁড়াতে হবে এবং জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা গড়ে তুলতে হবে।”
নিজের জীবনকে ‘রোলার-কোস্টার যাত্রা’র সঙ্গে তুলনা করে অভিনেত্রী বলেন, “জীবনে সংগ্রাম আছে, ভালো সময় আছে, খারাপ সময়ও আছে। কখনো খুব সুখী থাকবেন, কখনো খুব কষ্টে। এটাই জীবনের স্বাভাবিক অংশ।”
স্বামী সূরজ নাম্বিয়ারের সঙ্গে মৌনী রায়
২০২২ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন মৌনী রায় ও সূরজ নাম্বিয়ার। প্রায় চার বছর পরিচয়ের পর তারা বিয়ে করেছিলেন। তবে ২০২৬ সালে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এই দম্পতি। যৌথ এক বিবৃতিতে তারা জানান, পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার ভিত্তিতেই আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে, বিচ্ছেদের ঘোষণার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। কেউ কেউ তাদের বিচ্ছেদের পেছনে তৃতীয় কোনো ব্যক্তির সম্পৃক্ততার দাবি করেন। পরে এসব গুঞ্জন নাকচ করে আলাদা বিবৃতি দেন সূরজ নাম্বিয়ার।
সূরজ স্পষ্ট ভাষায় বলেন, তাদের বিচ্ছেদের ঘটনায় কোনো তৃতীয় পক্ষ জড়িত নয়। এমনকি ভরণপোষণ, দ্বন্দ্ব বা অন্য কোনো বিতর্কের দাবিও সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি অভিযোগ করেন, কিছু মানুষ তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কাল্পনিক গল্প ছড়িয়ে অযথা বিতর্ক তৈরির চেষ্টা করছেন।
প্রসঙ্গত, নারী বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা মৌনী রায় বিভিন্ন সময় প্রকাশ্যে বলেছেন। অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে তার বন্ধুত্বও প্রায়ই আলোচনায় আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের সঙ্গে কাটানো মুহূর্ত নিয়মিতই শেয়ার করেন তারা। সম্প্রতি দিশার জন্মদিনেও বিশেষ বার্তা দিয়েছেন মৌনী।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
ঢাকা/জান্নাত