ঢাকা     শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৪ ১৪৩৩ || ২৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে খালেদা জিয়ার সমাবেশ, প্রস্তুতি সম্পন্ন

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৩, ১৫ সেপ্টেম্বর ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
রাজশাহীতে খালেদা জিয়ার সমাবেশ, প্রস্তুতি সম্পন্ন

খালেদা জিয়া আগন উপলক্ষে রাজশাহীতে প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী, ১৬ সেপ্টেম্বর : চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ সোমবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে ১৮ দলীয় জোটের মহাসমাবেশ।

আর এ মহাসমাবেশে যোগ দিতে রাজশাহীতে আসছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে দেশের বিভিন্ন স্থানে আটটি জনসভা কর্মসূচির অংশ হিসেবে এ দিন বিকেলে তিনি রাজশাহী মহানগরীর এ সমাবেশে যোগ দেবেন।

রাজশাহী মহানগর বিএনপি সূত্রে জানা গেছে, সমাবেশ সফল করতে রাতদিন সমান তালে কাজ করছেন বিএনপি নেতৃত্বাধীন আঠারো দলের নেতারা। জোটের শীর্ষ নেতাদের স্বাগত জানাতে শুরু হয়েছে প্রস্তুতি।

নগরীর সড়কগুলোতে শোভা পাচ্ছে শত-শত তোরণ। স্বাগত জানিয়ে টাঙানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। এরই মধ্যে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের জেলা, নগর এবং বিভাগীয় পর্যায়ের নেতাদের নিয়ে করা হয়েছে বর্ধিত সভা। চলছে তৃণমূল পর্যায়ে প্রচার মিছিল।

নগরীর সাহেববাজার, গৌরহাঙ্গা, আলুপট্টি, সোনাদীঘি মোড়, শালবাগান, নওদাপাড়া, কাজলা, তালাইমারি মোড়, নওহাটা, বাইপাসসহ নগরীর প্রতিটি মোড়ে মোড়ে শোভা পাচ্ছে খালেদা জিয়ার সমাবেশের ব্যানার, ফেস্টুন, তোরণ আর প্ল্যাকার্ড।

জনসভাস্থল মাদ্রাসা মাঠের আশেপাশেও খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে টানানো হয়েছে ব্যানার, ফেস্টুন আর প্লাকার্ড। নগরীতে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবির পাশাপাশি রাজশাহীর ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের ছবি স্থান পেয়েছে।

বিএনপির পাশপাশি ১৮ দলীয় জোটের সব অঙ্গসংগঠন মিছিল, সমাবেশ, কর্মিসভা, যৌথসভা, প্রস্তুতিসভা করে ব্যস্ত সময় পার করছে। রাজশাহীর আশেপাশের জেলা ও উপজেলাগুলো থেকে কে কত বেশি কর্মী জনসভাস্থলে উপস্থিত করতে পারবেন তাই নিয়ে চলছে শেষ মূহূর্তের হিসাব-নিকাশ।

জনসভায় বিরোধী দলীয় নেতার বক্তব্য শোনার জন্য নগরীজুড়ে ইতিমধ্যে লাগানো হয়েছে প্রায় ২০০টি মাইক। কয়েক লাখ লোকের সমাগম ঘটার আশাবাদ জোট নেতাদের।

জনসভা সফল করার জন্য রাজশাহীর আশেপাশের জেলার বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ সম্পন্ন হয়েছে। রাজশাহীর পাশ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, জয়পুরহাট এবং বগুড়া জেলা থেকে নেতাকর্মীরা যোগ দেবেন জনসভায়।

এজন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ ইতোমধ্যেই সম্পন্ন করেছে রাজশাহী বিএনপি। বিএনপি নেতাদের পাশাপাশি এসব জেলার ১৮ দলের শরিক নেতাকর্মীরাও যোগ দেবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন নগর বিএনপি নেতারা।

সমাবেশের দিনে রাজশাহীকে জনসমুদ্রে পরিণত করতে আশাবাদী জোট নেতারা।

বিএনপি সূত্র বলছে, এ সরকারের মেয়াদে এটিই প্রথম খালেদা জিয়ার রাজশাহী সফর। ২০০৮ সালে গত নির্বাচনী জনসভার পর দেশের বিভিন্ন জায়গায় খালেদা জিয়া সরকারবিরোধী জনসভা করলেও রাজশাহীতে এটি প্রথম জনসভা।

এর আগে রাজশাহীর উপর দিয়ে রোড শো করে চাঁপাইনবাবগঞ্জ গিয়ে খালেদা জিয়া জনসভা করলেও রাজশাহী বিএনপির বিভেদের কারণে তিনি এখানে জনসভা করেন নি। তাই এবার খালেদা জিয়ার আগমন রাজশাহীর বিএনপি নেতাদের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।

বিশেষ করে আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের জন্য এ জনসভা আরো বেশি গুরুত্বপূর্ণ। এজন্য জনসভা সফল করতে ভেদাভেদ ভুলে নিজেদের অবস্থান জানান দেয়ার চেষ্টা করছেন রাজশাহীর বিএনপি নেতারা।

জনসভার প্রস্তুতি নিয়ে নগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, ‘জনসভা আয়োজনের সব কাজ ইতোমধ্যে শেষের পথে।’
তিনি আরও বলেন, ‘জনসভা সফল করার জন্য একমাসব্যাপী ১৮ দলীয় জোট রাজশাহী বিভাগের জেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত প্রতিটি ইউনিটে মিছিল, মিটিং ও  সমাবেশ করেছে।

এর ফলে নেতাকর্মীদের মধ্যে নতুনভাবে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। আমরা আশা করছি জনসভায় কয়েক লাখ লোকের সমাগম হবে।’

মহাসমাবেশ সম্পর্কে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু বলেন, ‘ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজশাহীসহ এর পার্শ্ববর্তী সকল জেলার ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা অংশ নেবেন। আমরা আশাবাদী ম্যাডামের জনসভায় ঐতিহ্যবাহী মাদ্রাসা ময়দান জনসমুদ্রে পরিণত হবে।’

 

 

রাইজিংবিডি/ তানজিমুল/ এমএএস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়