হাসপাতালে ভর্তি আরও ৩৬৬ ডেঙ্গু রোগী
ফাইল ফটো
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৮৩৭ জনে। তবে, এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
সোমবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৩৬৬ ডেঙ্গু রোগীর মধ্যে ২১০ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন ১৫৬ জন।
বর্তমানে ঢাকার ৫০টি সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৮৪ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৫৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৫৬ হাজার ৮৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৪ হাজার ৪১২ জন।
এ সময়ে ঢাকায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ হাজার ১৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ হাজার ৭৮১ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২০ হাজার ৪৮১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৬৩১ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ২৪৭ জনের মৃত্যু হয়েছে। এ বছর ২১ জুন ডেঙ্গুতে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।
২০২১ সালে সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর দেশব্যাপী ডেঙ্গুতে ১০৫ জনের মৃত্যু হয়।
মেয়া/রফিক
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী