ঢাকা     বুধবার   ২০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩৩ || ৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদুল আজহায় হাসপাতালগুলোকে ১৮ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১১, ১৯ মে ২০২৬   আপডেট: ১৮:১৪, ১৯ মে ২০২৬
ঈদুল আজহায় হাসপাতালগুলোকে ১৮ নির্দেশনা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটিকালীন দেশের হাসপাতালগুলোতে নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করতে ১৮ দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদের ছুটিকালে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে জরুরি স্বাস্থ্য সেবা সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

আরো পড়ুন:

নির্দেশনায় বলা হয়, হাসপাতালের জরুরি বিভাগে প্রয়োজনে অতিরিক্ত চিকিৎসক পদায়ন করে সার্বক্ষণিক চিকিৎসক উপস্থিতি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে লেবার রুম, ইমার্জেন্সি ওটি, ল্যাব, সিটি স্ক্যান ও এমআরআই সেবা ২৪ ঘণ্টা চালু রাখতে হবে।

ঈদের আগে ও পরে সমন্বয়ের মাধ্যমে পর্যায়ক্রমে কর্মকর্তা-কর্মচারীদের ছুটি দেওয়ার কথা বলা হয়েছে। তবে নিরবচ্ছিন্ন জরুরি চিকিৎসা সেবা ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে ছুটি মঞ্জুর করবেন প্রতিষ্ঠান প্রধানরা।

নির্দেশনায় বলা হয়েছে, বিভাগীয় ও জেলা পর্যায়ের হাসপাতালে শিশু ও হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করতে হবে। ছুটির দিনসহ প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক সকাল ও বিকেলে দুই দফা রাউন্ড দেবেন।

এছাড়া ছুটি শুরুর আগেই পর্যাপ্ত ওষুধ, আইভি ফ্লুইড, কেমিক্যাল রিএজেন্ট ও সার্জিক্যাল সামগ্রী মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্স সার্ভিস সার্বক্ষণিক চালু রাখার পাশাপাশি হাসপাতালের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আগাম অবহিত করতে বলা হয়েছে।

বহির্বিভাগ একটানা ৭২ ঘণ্টার বেশি বন্ধ রাখা যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী ২৬ মে ও ৩০ মে হাসপাতাল চালু রাখার বিষয়ে প্রতিষ্ঠান প্রধানরা সিদ্ধান্ত নিতে পারবেন।

বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোকে রেজিস্টার্ড চিকিৎসকের অধীনে সার্বক্ষণিক জরুরি, প্রসূতি ও হাম ওয়ার্ড চালু রাখতে বলা হয়েছে। কোনো রোগী রেফার করার আগে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা এবং অপ্রয়োজনে রোগী রেফার না করারও নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া পশুর হাটসংলগ্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোকে বিশেষ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ঢাকা/এমএসবি/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়