কোয়ারেন্টাইন অমান্যকারীদের ট্র্যাকিং ব্রেসলেট বাধ্যতামূলক
কোয়ারেন্টাইন অমান্যকারীদের শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ট্র্যাকিং ব্রেসলেট বাধ্যতামূলক পরার নির্দেশনা দিয়েছে দক্ষিণ কোরিয়া। করোনা প্রতিরোধে দক্ষিণ কোরিয়া এরই মধ্যে অনেকটা সফল হয়েছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে এবার তারা এ ব্যবস্থা নিয়েছে।
চীনের এ প্রতিবেশী দেশটিতে ১০ হাজারের বেশি মানুষের শরীরে ছড়িয়েছে এ ভাইরাস। মারা গেছেন ২০৮ জন।
এ রোগের বিস্তার ঠেকাতে আগে থেকেই স্মার্টফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে মানুষ জনের ঘরে থাকার বিষয়টি তদারকি করছে দক্ষিণ কোরিয়া।
তবে দেশটির কর্মকর্তারা বলছেন, কড়াকড়ি সত্ত্বেও অন্তত ৫৭ হাজার মানুষ চালাকি করে কোয়ারেন্টাইন নির্দেশনা অমান্য করেছেন। তারা ঘরে ফোন রেখে বাইরে যেতেন যেন সংশ্লিষ্টরা বুঝতে না পারেন।
এ কারণে এখন থেকে কোয়ারেন্টাইন নির্দেশনা অমান্যকারীদের হাতে ট্র্যাকিং ডিভাইস বসানো ব্রেসলেট পরিয়ে দেওয়া হবে। তারা চাইলেই সেটি খুলে ফেলতে পারবেন না। এর মাধ্যমে তারা কখন কোথায় যাচ্ছেন তা জানতে পারবে নিরাপত্তা বাহিনী।
সূত্র : স্ট্রেইটস টাইমস
ঢাকা/জেনিস
রাইজিংবিডি.কম