সোনোগ্রাফারের করোনায় ৬২ অন্তঃসত্ত্বা কোয়ারেন্টাইনে
ভারতে এক সোনোগ্রাফারের করোনাভাইরাস ধরা পড়ায় তার সংস্পর্শে আসা ৬২ অন্তঃসত্ত্বাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে জানালেন জেলা কাউন্সিলের এক উর্ধ্বতন কর্মকর্তা।
গত ১৪ এপ্রিল ওই সোনোগ্রাফারের করোনা টেস্টের ফলাফল পজিটিভ আসে। মহারাষ্ট্রের পশ্চিমে পুনেতে বাস করা ওই নারী গ্রামীণ এলাকায় বিভিন্ন স্বাস্থ্য ক্যাম্পে সেবা দেন। গত ৬ থেকে ৮ এপ্রিল শিকরাপুর গ্রামের এক গাইনোকোলোজি ক্লিনিকে বসেছিলেন তিনি। সেখানে ৬৯ অন্তঃসত্ত্বা নারীর সোনোগ্রাফি করেন। ক্লিনিকে কাজ করার সময় সোনোগ্রাফারের মাঝে করোনার কোনো উপসর্গ ছিল না এবং মাস্ক পরে ছিলেন তিনি।
এই তিনদিনে আরো ৭৫ জন ক্লিনিকে গেলেও তারা কে্উ রোগী ছিলেন না এবং সোনোগ্রাফারের সংস্পর্শে যাননি বলে জানান জেলা কাউন্সিলের প্রধান নির্বাহী আয়ুষ প্রসাদ। সিএনএনকে তিনি বলেছেন, ‘সিসিটিভি ফুটেজ আমরা দেখেছি এবং ৬৯ জন ঝুঁকিপূর্ণ নারীকে চিহ্নিত করেছি যারা ১৫ মিনিট ওই সোনোগ্রাফারের কাছাকাছি ছিলেন।’
তাদের মধ্যে ৭ জন বাদে সবাইকে হোটেলে কোয়ারেন্টাইনে পাঠানো হয় বললেন আয়ুষ, ‘তাদের মধ্যে চারজন শিকরাপুরের নয়, আমরা সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে তাদের সম্পর্কে জানিয়েছি। ৬২ জন নারীকে চারটি হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।’
ঝুঁকিপূর্ণ বাকি তিনজনের দুজন সন্তান প্রসব করেছেন এবং অন্যজন প্রসববেদনায় হাসপাতালে ভর্তি আছেন।
৬২ নারীর করোনা টেস্টের পর নেগেটিভ এসেছে জানান আয়ুষ। পরীক্ষার ফলাফল পাওয়ার পর প্রত্যেককে হোটেল থেকে বাড়িতে পাঠানো হয়েছে। তারা এখন ১৪ দিনের সেল্ফ আইসোলেশনে থাকবেন।
ঢাকা/ফাহিম
রাইজিংবিডি.কম