ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোয়ারেন্টাইনের নির্দেশে ‘আতঙ্কিত’ স্পেনের ব্রিটিশ পর্যটকরা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৫, ২৬ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কোয়ারেন্টাইনের নির্দেশে ‘আতঙ্কিত’ স্পেনের ব্রিটিশ পর্যটকরা

স্পেন থেকে দেশে ঢোকা প্রত্যেকের জন্য দুই সপ্তাহের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক ঘোষণা করেছে ব্রিটেন সরকার। তাতে আতঙ্কিত হয়ে তড়িঘড়ি করে রোববার দেশে ফেরার বিমান ধরেছেন স্পেনে ছুটি কাটাতে যাওয়া ব্রিটিশ পর্যটকরা। হঠাৎ করে সরকারের এমন সিদ্ধান্ত নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

শনিবার শেষ বিকেলে সরকার এক ঘোষণায় স্পেনকে নিরাপদ ভ্রমণের তালিকা থেকে বাদ দেয়। একই সঙ্গে ওই দেশ থেকে আসা প্রত্যেকের জন্য কোয়ারেন্টাইন মধ্যরাত থেকে কার্যকর হয়। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় লেবার পার্টির স্বাস্থ্য নীতির প্রধান জোনাথন অ্যাশওর্থ স্কাই নিউজকে বলেছেন, ‘কেন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে আমি বুঝতে পারছি। কিন্তু যেভাবে ২৪ ঘণ্টার মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হলো তা এক কথায় বিশৃঙ্খলা।’

মাদ্রিদের বারাহাস বিমানবন্দরে লন্ডনের ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলেন এমিলি হ্যারিসন। দেশে ফিরেই তাকে ১৪ দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে। এসেক্সের এই বাসিন্দা বলেছেন, ‘এটা সত্যিই খারাপ হলো, কারণ হঠাৎ করেই এমন সিদ্ধান্ত। প্রস্তুতি নেওয়ার সময়টুকু পাওয়া যায়নি, তাই প্রত্যেকে আতঙ্কিত। আমাদের একটা বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল, বন্ধুদের বাসায় যেতাম। কিন্তু এখন সব পরিকল্পনা বাতিল করতে হলো, এটা সত্যিই হতাশার।’

পর্যটকদের ভ্রমণের জন্য ব্রিটিশ সরকারের করা নিরাপদ দেশের তালিকায় স্পেন ছিল, যেখান থেকে ফেরার পর কোয়ারেন্টাইনে যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে আক্রান্তের সংখ্যা বাড়ায় সেই তালিকা থেকে বাদ পড়লো স্পেন।

ব্রিটিশ পর্যটক ক্যারোলিন ল্যানসেল কোয়ারেন্টাইনের সিদ্ধান্তে বলেছেন, ‘আমরা খুব হতাশ। কারণ স্পেন অনেকটাই নিরাপদ।’ দেশে ফেরার আগে ১০ দিনের ছুটি কাটাতে মাদ্রিদ থেকে ইবিজায় যাচ্ছিলেন তিনি।
অবশ্য স্পেন ‘যুক্তরাজ্যের সিদ্ধান্তকে শ্রদ্ধা’ জানায় বলে এক বিবৃতি দিয়েছেন স্প্যানিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

ঢাকা/ফাহিম

রাইজিং বিডি

সর্বশেষ

পাঠকপ্রিয়