করোনার মধ্যে পরীক্ষা স্থগিতের দাবিতে ভারতে শিক্ষার্থীদের বিক্ষোভ
করোনা মহামারিকালে পরীক্ষা স্থগিতের দাবিতে ভারতের কয়েকটি শহরে মাস্ক পরে বিক্ষোভ করেছে কয়েক হাজার শিক্ষার্থী। শুক্রবার এ বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন।
ভারতে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৭৭ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ৩৩ লাখ ছাড়িয়েছে। করোনায় মারা গেছে ৬১ হাজারের ৫০০ জনেরও বেশি মানুষ। এশিয়ার মধ্যে ভারতেই করোনায় আক্রান্তের হার সবচেয়ে বেশি এখন।
আগামী সপ্তাহে দেশটিতে ২৪ লাখেরও বেশি শিক্ষার্থী মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হওয়ার কথা। শিক্ষার্থী ও বিরোধী দলগুলোর চাপের মুখেও কেন্দ্রীয় সরকার এখনও নির্ধারিত তারিখেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অটল।
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শিক্ষার্থীরা ‘মহামারিকালে পরীক্ষা বন্ধ কর’ প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করেছে। গুজরাটের আহমেদাবাদে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।
এক ভিডিও বার্তায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ‘শিক্ষার্থীদের কথা শোনা সরকারের জন্য গুরুত্বপূর্ণ।’
ঢাকা/শাহেদ