যুক্তরাষ্ট্রে বন্যার কবলে ৮০ লাখ মানুষ
ঘূর্ণিঝড় লরার প্রভাবে প্রবল বৃষ্টির কারণে যুক্তরাষ্ট্রে হঠাৎ বন্যার কবলে পড়েছে ৮০ লাখ মানুষ। এছাড়া বিদুৎবিচ্ছিন্ন আছে দুই শহরের সাত লাখ বাসিন্দা। শুক্রবার সিএনএন এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার ফেসবুক পোস্টে লুইজিয়ানার মেয়র নিক হান্টার জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে শহরের লেক চার্লসের পানির প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। প্ল্যান্টের অধিকাংশ নালা দিয়ে পানি খুব কম নিস্কাশন হচ্ছে। স্থানীয়রা বিদ্যুৎহীন অবস্থায় আছেন।
বৃহস্পতিবার প্রথম প্রহরে ক্যমিরন ও লুইজিয়ানায় চার মাত্রার হারিকেন লরা ঘণ্টায় ১৫০ মাইল বাতাসের বেগ নিয়ে আঘাত হানে। ঝড়ে ছয় জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। রাতেই লুইজিয়ানার হঠাৎ বন্যা দেখা দেয়। সকালের মধ্যে পানি তিন ফুট পর্যন্ত বেড়ে যায়। লেক চার্লস এলাকায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ঝড়ে কিছু বাড়ি উড়ে গেছে।
ন্যাশনাল হারিকেন সেন্টার বলেছে, ‘প্রবল বৃষ্টির কারণে মিসিসিপির মধ্যাঞ্চল, ওহাইওর নিম্মাঞ্চল, টেনিসি উপত্যকা ও মধ্য আটলান্টিক রাজ্যগুলোতে শুক্রবার ও শনিবার হঠাৎ বন্যার ঝুঁকি রয়েছে।’
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, শুক্রবার লুইজিয়ানার পাঁচ লাখের বেশি গ্রাহক এবং টেক্সাসের দুই লাখের বেশি গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন আছেন।
ঢাকা/শাহেদ