ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্যালিফোর্নিয়ায় তুষারধসে ৮ স্কিয়ারের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪০, ১৯ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৯:৪১, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
ক্যালিফোর্নিয়ায় তুষারধসে ৮ স্কিয়ারের মৃত্যু

ক্যালিফোর্নিয়ার লেক তাহো অঞ্চলের দুর্গম এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধারকারী দল আট জন স্কিয়ারের মরদেহ খুঁজে পাওয়ার কথা জানিয়েছে। গত মঙ্গলবার একটি ভয়াবহ তুষারধসের পর তারা নিখোঁজ হয়েছিলেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে েএ তথ্য জানিয়েছে বিবিসি। 

আরো পড়ুন:

প্রতিবেদনে বলা হয়, নেভাদা কাউন্টির শেরিফ শ্যানন মুন বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে জানান, আরো একজন নিখোঁজ স্কিয়ারকে খোঁজার কাজ চলছে, তবে তাকেও মৃত বলে ধারণা করা হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, মৃতদের মধ্যে একজন ছিলেন উদ্ধারকারী দলেরই এক সদস্যের জীবনসঙ্গী। এর ফলে উদ্ধারকাজ চালিয়ে যাওয়া মানসিকভাবে অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে ক্যাসেল পিক এলাকায় প্রায় ফুটবল মাঠের সমান বড় একটি তুষারধস নেমে আসে। এরপরই ১৫ জন স্কিয়ার নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। তাদের মধ্যে ছয় জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্লেসার কাউন্টির শেরিফ ওয়েন উ বলেন, “এই কঠিন সময়ে আমি শোকার্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি।”

তুষারধসে মারা যাওয়া আট জনের মরদেহ এখনো বরফের নিচে আটকে আছে। আবহাওয়া পরিস্থিতি খুবই ভয়াবহ হওয়ায় মরদেহগুলো উদ্ধার করা সম্ভব হচ্ছে না বলে জানান কর্মকর্তারা।

তাহো ন্যাশনাল ফরেস্টের সুপারভাইজার ক্রিস ফিউট্রিয়ার জানান, তুষারধসের পর ওই এলাকায় আরও ৩ ফুট (৯০ সেমি) তুষারপাত হয়েছে। তিনি সতর্ক করে বলেন, “ঝুঁকি এখনো অনেক বেশি।”

মরদেহগুলো উদ্ধার করার পর সেগুলোকে প্লেসার কাউন্টির মর্গে নিয়ে যাওয়া হবে। ইতোমধ্যে নিহতদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে, তবে কর্তৃপক্ষ এখনো তাদের নাম প্রকাশ করেনি। নিহতদের মধ্যে সাতজন নারী এবং দুজন পুরুষ।

শেরিফ উ জানান, এই উদ্ধার অভিযানটি ছিল দুটি দলের একটি যৌথ প্রচেষ্টা। প্রায় ৫০ জন সদস্য বিশেষ সরঞ্জাম ব্যবহার করে ‘চরম বৈরি আবহাওয়ার’ মধ্যে কাজ করছেন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় উদ্ধারকারী দল সেই এলাকায় পৌঁছায় যেখান থেকে প্রায় দুই মাইল (৩.২ কিমি) দূরে বেঁচে যাওয়া ব্যক্তিরা অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন। সেখান থেকে উদ্ধারকারীদের স্কি করে পৌঁছাতে হয়েছিল।

শেরিফ মুন বলেন, বেঁচে যাওয়া ছয় জনের মধ্যে দুই জনকে বহন করে আনতে হয়েছে। তুষারধসে আঘাত পাওয়ার কারণে তারা হাঁটতে পারছিলেন না। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের আঘাত প্রাণঘাতী নয়।

বেঁচে যাওয়াদের মধ্যে একজন গাইড এবং পাঁচ জন ‘ব্ল্যাকবার্ড মাউন্টেন’ গাইডেড ট্যুর-এর পর্যটক। পুরো দলটি ১১ জন অপেশাদার স্কিয়ার এবং ৪ জন স্কি গাইডের সমন্বয়ে গঠিত ছিল। মঙ্গলবার তাদের তিন দিনের ভ্রমণ শেষে ফিরে আসার সময় এই দুর্ঘটনা ঘটে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসনের কার্যালয় থেকে জানানো হয়েছে যে, রাজ্য কর্তৃপক্ষ স্থানীয় জরুরি টিমের সঙ্গে সমন্বয় করে ‘সর্বাত্মক উদ্ধার অভিযান’ চালাচ্ছে।

বুধবারের পরিস্থিতিও বিপজ্জনক ছিল বলে একাধিক কর্মকর্তা জানিয়েছেন। শেরিফ উ একে ‘বিপজ্জনক আবহাওয়া’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, “এখন এই দুর্গম এলাকায় আসা এড়িয়ে চলুন। দয়া করে আমাদের পূর্ণ শক্তি দিয়ে মরদেহগুলো উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ দিন।”

সিয়েরা অ্যাভাল্যাঞ্চ সেন্টারের তথ্য অনুযায়ী, এই তুষারধসের তীব্রতা ছিল ডি২.৫ (ধ্বংসাত্মক স্কেল ডি১ থেকে ডি৫-এর মধ্যে)। এর অর্থ হলো এটি প্রায় আধা মাইল দীর্ঘ ছিল এবং তুষারের স্তূপের উচ্চতা ছিল প্রায় ৬.৫ ফুট।

দুর্ঘটনাস্থলের কাছে বোরিয়াল মাউন্টেন স্কি রিসোর্ট জানিয়েছে, মঙ্গলবার থেকে সেখানে ৩০ ইঞ্চির বেশি তুষারপাত হয়েছে। প্রচণ্ড বাতাস এবং কম দৃশ্যমানতার কারণে রিসোর্টটি মঙ্গলবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এছাড়া ঝড়ের কারণে ইন্টারস্টেট ৮০ এবং হাইওয়ে ৫০ সহ বেশ কয়েকটি মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়