ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

তারেকুর রহমান, কক্সবাজার  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৬  
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সালাহউদ্দিন আহমদ।

বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা থেকে রাজনীতির দীর্ঘ উত্থান-পতনের পথ পেরিয়ে মন্ত্রিসভায় স্থান পেলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তিনি মন্ত্রী হিসেবে শপথ নেন। পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব। 

আরো পড়ুন:

এর আগে সকালে তিনি কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে জাতীয় রাজনীতিতে পরিচিত এই নেতা ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুককে ৯৫ হাজার ৮৩০ ভোটের ব্যবধানে পরাজিত করেন। পর্যটননগরী কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত এ আসন থেকে তিনি এর আগে ১৯৯৬ এবং ২০০১ সালেও নির্বাচিত হন। 

প্রশাসন ক্যাডার থেকে রাজনীতিতে: ১৯৮৫ সালের ৭ম বিসিএস (প্রশাসন) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সরকারি চাকরিতে যোগ দেন সালাহউদ্দিন আহমদ। বগুড়া জেলা প্রশাসনের সিনিয়র সহকারী সচিব পদে কর্মরত অবস্থায় ১৯৯১ সালে বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পান।

পরবর্তীতে ১৯৯৬ সালে চাকরি ছেড়ে আহ্বায়ক হিসেবে কক্সবাজার জেলা বিএনপির নেতৃত্ব নেন এবং একই বছরে পরপর দুটি সংসদ নির্বাচনে বিজয়ী হন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার গঠিত হলে তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন এবং সরকারের শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর কক্সবাজার জেলা থেকে তিনিই প্রথম প্রতিমন্ত্রী হন।

জন্ম ও শিক্ষা: ১৯৬২ সালের ৩০ জুন তৎকালীন চকরিয়া উপজেলার (বর্তমান পেকুয়া) ঐতিহ্যবাহী সিকদার পাড়া গ্রামে সম্ভ্রান্ত মৌলভী পরিবারে তার জন্ম। পিতা মৌলভী ছাঈদুল হক ও মাতা বেগম আয়েশা হক। 

১৯৭৭ সালে পেকুয়ার শিলখালী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৭৯ সালে চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ হন কৃতিত্বের সঙ্গে। ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়ে ১৯৮৪ সালে এলএলবি (সম্মান) ও ১৯৮৬ সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং কিছু সময়ের জন্য ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেন।

জাতীয় রাজনীতিতে উত্থান: কাউন্সিলে সরাসরি নির্বাচিত হয়ে পরপর দুইবার কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ছিলেন তিনি। ২০১০ সালে বিএনপির জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মনোনীত হন।

২০১৫ সালের ১০ মার্চ কেন্দ্রীয় বিএনপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনকালে তিনি গুমের শিকার হন। দীর্ঘ ৬২ দিন পর ১১ মে ভারতের শিলংয়ে মানসিক বিপর্যস্ত অবস্থায় তার সন্ধান মেলে। সেখানে অবস্থানকালে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হন তিনি।

শিলংয়ে বন্দিজীবন ও দীর্ঘ আইনি লড়াই শেষে প্রায় এক দশক পর ২০২৪ সালের ১১ আগস্ট দেশে প্রত্যাবর্তন করেন সালাহউদ্দিন আহমদ। আওয়ামী লীগ সরকারের পতনের পর তার এ ফেরা রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়।

নতুন জীবন দেশের সেবায়: গত ৯ ফেব্রুয়ারি চকরিয়ায় নির্বাচনি সমাবেশে তিনি বলেন, “আমার বেঁচে থাকার কথা ছিল না। আমাকে হত্যার উদ্দেশ্যে গুম করা হয়েছিল। আল্লাহর রহমতে নতুন জীবন পেয়েছি। এই জীবন দেশের মানুষের সেবায় উৎসর্গ করবো।”

চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বলেন, “সালাহউদ্দিন আহমদ আমাদের মাটির সন্তান। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায় শুধু চকরিয়া-পেকুয়া নয়, পুরো কক্সবাজারের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। আমরা গর্বিত ও আনন্দিত।”

কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বলেন, “দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও কারাবরণ শেষে আজকের এই অবস্থানে পৌঁছেছেন সালাহউদ্দিন আহমদ। তার মতো অভিজ্ঞ, দূরদর্শী ও প্রশাসনিক জ্ঞানসম্পন্ন নেতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো শক্তিশালী হবে বলে আমরা বিশ্বাস করি। কক্সবাজারের উন্নয়ন, নিরাপত্তা ও পর্যটন শিল্পের প্রসারে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন এটাই আমাদের প্রত্যাশা।”

কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না বলেন, “সালাহউদ্দ্দিন আহমদের এই অর্জন কক্সবাজারবাসীর জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। তিনি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তার নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানবিক ও কার্যকর ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী। একই সঙ্গে কক্সবাজারের আইনশৃঙ্খলা, মাদক ও সীমান্ত নিরাপত্তা ইস্যুতে ইতিবাচক পরিবর্তন আসবে।”

ব্যক্তিজীবনে চার সন্তানের জনক সালাহউদ্দিন আহমদ। তার স্ত্রী হাসিনা আহমদ ২০০৮ সালের নির্বাচনে কক্সবাজার-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মুক্তিযুদ্ধের পর কক্সবাজার জেলা থেকে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া তিনিই প্রথম ব্যক্তি হতে যাচ্ছেন। 

ঢাকা/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়