নড়াইলে পাওনা টাকা না পেয়ে ঘরের টিন খুলে বিক্রির অভিযোগ
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নড়াইলে ঘরের চালার টিন খুলে নেওয়ার অভিযোগ উঠেছে পাওনাদারদের বিরুদ্ধে।
নড়াইলের সদর উপজেলায় পাওনা টাকা না পেয়ে এক ব্যক্তির ঘরের টিন ও রান্না ঘরের খুঁটি খুলে বিক্রি করার অভিযোগ উঠেছে পাওনাদারদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার বিছালী ইউনিয়নের রুখালী গ্রাম ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানান, রুখালী গ্রামের জাফর সিকদারের ছেলে জাহিদ সিকদার একই গ্রামের ৪-৫ জনের কাছ থেকে বিভিন্ন সময় টাকা ধার নেন। পাওনাদাররা টাকা ফেরত চাইলে তিনি সময় ক্ষেপণ করতে থাকেন। এক পর্যায়ে টাকা পরিশোধ করতে না পেরে বাড়ি ছেড়ে পালিয়ে যান।
নির্ধারিত সময়ে টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে একই গ্রামের মিজানুর বিশ্বাস, মিরাজ বিশ্বাস, মিকাইল বিশ্বাস, ইয়াসিন বিশ্বাসের নেতৃত্বে ১০-১২ জন জাহিদের বাড়িতে যান। তারা ঘরের চালার টিন ও রান্না ঘরের খুঁটি খুলে নিয়ে যান।
জাহিদের সিকদারের বাবা জাফর সিকদার বলেন, “রুখালী গ্রামের মিজানুর বিশ্বাসসহ কিছু লোক জাহিদের কাছে টাকা পাবেন এটা ঠিক। পাওনাদাররা আমার বসতঘর, গোয়াল ঘরের টিন খুলে নিয়ে গেছে, এমনকি ঘরে থাকা সব মালপত্র তারা নিয়ে গেছে।”
এ বিষয়ে অভিযুক্ত মিকাইল বিশ্বাস বলেন, “জাহিদ একজন চিটার প্রকৃতির লোক। তার কাছে আমরা কয়েকজন টাকা পেতাম। টাকাটা বিষয় না, একসঙ্গে চলার সুবাদে আমার ব্যবহৃত মোবাইল ফোন তাকে ব্যবহার করতে দেই। পরে জানতে পারি, তিনি আমার ফোন বিক্রি করে পালিয়ে গেছেন। তিনি যাতে আর বাড়ি না আসতে পারেন তাই তার বাড়ি ঘরের সব খুলে নিয়ে বিক্রি করে ফোন কিনেছি।”
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া বলেন, “ঘরের টিন খুলে নিয়ে গেছে এমন কোনো অভিযোগ কেউ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/শরিফুল/মাসুদ