চাটমোহরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
পাবনার চাটমোহরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ধর্ষণের ঘটনাটি ঘটে। ভুক্তভোগীর বাবা চাটমোহর থানায় মামলা করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাড়ির পাশে একাই খেলা করছিল মেয়েটি। এ সময় ওই কিশোর মেয়েটিকে আম পেড়ে দেওয়ার কথা বলে বাড়ির অদূরে একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। মেয়েটি চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে গেলে অভিযুক্ত কিশোর পালিয়ে যায়। পরে স্বজনরা মেয়েটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মেয়েটিকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।
ভুক্তভোগীর বাবা বলেন, “আমরা কোন সমাজে বাস করছি যেখানে শিশুও নিরাপদ নয়। বাবা হয়ে মেয়ের এমন অবস্থা মেনে নিতে পারছি না। যে আমার মেয়ের এই অবস্থা করেছে তার ফাঁসি চাই।”
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কানিজ ফাতেমা বলেন, “মেয়েটির গোপনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। পাশাপাশি জামা কাপড় ও গোপনাঙ্গে কিছু স্পাম এর আলামত পাওয়া গেছে। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।”
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, “ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে শনিবার (১৮ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।”
ঢাকা/শাহীন/মাসুদ
সোমবার পাকিস্তানে আবারো বৈঠকে বসতে পারে ইরান-যুক্তরাষ্ট্র