চাটমোহরে ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
পাবনার চাটমোহরে দেব-দেবী নিয়ে কুরুচিপূর্ণ ভিডিও বানিয়ে স্যোশাল মিডিয়ায় দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) রাতে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, এ ঘটনায় সমীর বিশ্বাস নামে এক ব্যক্তি অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, সদ্য শেষ হওয়া চড়ক পূজা নিয়ে গ্রেপ্তার যুবক একটি ভিডিও বানান। তিনি দেব-দেবী ও হিন্দু ধর্মালম্বীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে গত বুধবার (১৬ এপ্রিল) ভিডিওটি ‘কেসিপি মিন্টু ব্লগস’ নামে একটি ফেসবুক আইডি থেকে পোস্ট দেন। এরপরেই ভিডিওটি ভাইরাল হলে স্থানীয় হিন্দুদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এ ঘটনায় ধর্ম অবমাননার অভিযোগ এনে সমীর বিশ্বাস নামের এক ব্যক্তি চাটমোহর থানায় মামলা করেন। রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
চাটমোহর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। চাটমোহর সম্প্রীতির শহর। এখানে ধর্ম নিয়ে কখনোই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা অভিযুক্তের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচার চাই।”
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, “ধর্ম অবমাননার অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত যুববকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার (১৮ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
ঢাকা/শাহীন/মাসুদ