রোজার মাস আমার কাছে সবসময়ই আলাদা অনুভূতির: ফারিয়া
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
নুসরাত ফারিয়া
ঢাকাই সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বছরজুড়েই শোবিজ অঙ্গনে ব্যস্ত সময় পার করেন। তবে রমজান এলেই নিজের ব্যস্ততা কিছুটা কমিয়ে পরিবার এবং আত্মশুদ্ধির দিকে মনোযোগ দেন এই অভিনেত্রী।
রমজান মাস তার কাছে শুধু সংযমের নয়, বরং শৈশব-কৈশোরের অনেক আবেগঘন স্মৃতিরও এক বিশেষ সময়। বড় হওয়ার পরও পুরোনো দিনগুলোর স্মৃতি তাকে বারবার তাড়া করে।
নায়িকা হওয়ার পর রমজান মাস কীভাবে কাটে? এ প্রশ্নের জবাবে নুসরাত ফারিয়া বলেন, “রোজার মাস আমার কাছে সবসময়ই আলাদা অনুভূতির। রোজার সময় চেষ্টা করি পরিবারকে বেশি সময় দিতে। একসঙ্গে ইফতার করা, তারাবির নামাজ আদায়, রাতের আড্ডা, সেহরি—এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাকে আলাদা আনন্দ দেয়। ব্যস্ততার মাঝেও যতটুকু পারি পরিবারকে প্রাধান্য দিতে চেষ্টা করি।”
রমজান মাসে আত্মিক প্রশান্তির পাশাপাশি পারিবারিক সময় কাটানোই তার কাছে সবচেয়ে বড় আনন্দ বলে জানান ফারিয়া।
এদিকে, নতুন সিনেমা প্রসঙ্গে জানতে চাইলে নুসরাত ফারিয়া জানান, বর্তমানে একাধিক প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে। তবে এখনই নির্দিষ্ট করে কিছু জানাতে নারাজ তিনি।
তার ভাষায়, “বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে কথা এগোচ্ছে, প্রাথমিক পর্যায়ের আলোচনা ও পরিকল্পনাও হচ্ছে। কিন্তু কোন কাজটি চূড়ান্ত হবে, কিংবা সবগুলোতেই যুক্ত থাকব কি না—তা এখনো নিশ্চিত না। তাই সময়ের আগে কোনো ঘোষণা দিতে রাজি নই।”
সব মিলিয়ে ব্যস্ত ক্যারিয়ারের মাঝেও রমজান মাসে পরিবার, ইবাদত ও শান্তির সময় কাটানোর চেষ্টা করেন বলেও জানান নুসরাত ফারিয়া।
ঢাকা/রাহাত/শান্ত