২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা ছিল। বিশেষ করে র্যাংকিং এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের আসরে বাংলাদেশের অবস্থান কেমন হবে না নিয়ে উদ্বিগ্ন ছিল ক্রিকেট মহল।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে সুখবর পেল বাংলাদেশ। আইসিসি জানিয়েছে, ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ যেটি অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড যৌথভাবে আয়োজন করবে, সেখানে সরাসরি খেলবে বাংলাদেশ।
আইসিসি জানিয়েছেন, আগামী ৯ মার্চ পর্যন্ত টি-টোয়েন্টির শীর্ষ ১২ দল টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন র্যাংকিংয়ের নয় নম্বরে আছে। নির্ধারিত সময়ের আগে বাংলাদেশের কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। যার ফলে র্যাংকিংয়ে পরিবর্তনেরও সুযোগ নেই।
চলতি বিশ্বকাপের সুপার এইটে উঠা সবগুলো দলের আগামী আসরে খেলা নিশ্চিত। ‘গ্রুপ এ’ থেকে উঠেছে পাকিস্তান ও ভারত। ‘গ্রুপ বি’ থেকে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে, ‘গ্রুপ সি’ থেকে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড, ‘গ্রুপ ডি’ থেকে দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ড দ্বিতীয় পর্বে উঠেছে। ২০২৮ আসরের সহ-আয়োজক হওয়ায় অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড আগেই সরাসরি জায়গা পেয়েছিল। এখন সুপার এইটে ওঠা সব দলই ২০২৮ বিশ্বকাপে নিশ্চিতভাবে খেলবে।
সরাসরি খেলার যোগ্যতা পাওয়া দলের তালিকা আগামী ৯ মার্চের ফাইনালের পরদিন পূরণ হবে। যা পূরণ হবে ৩ দল নিয়ে। টি-টোয়েন্টি র্যাংকিং অনুযায়ী বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড এই সুযোগ পেতে যাচ্ছে। বাংলাদেশের মতো আয়ারল্যান্ড ও আফগানিস্তানের এ সময়ে কোনো আন্তর্জাতিক সূচি নেই।
এবারের মতো আগামী আসরেও খেলবে ২০ দল। ১২ দল চূড়ান্ত হওয়ার পর বাকি ৮টি দল বাছাই হবে আঞ্চলিক বাছাইপর্বের মাধ্যমে, যেখানে প্রতিটি অঞ্চলের প্রতিযোগিতার মান অনুযায়ী কোটা নির্ধারণ করা হবে।
ঢাকা/ইয়াসিন/আমিনুল