বর্ণিল আয়োজনে তক্ষশিলা বিদ্যালয়ে বসন্ত বরণ
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ঢাকার ধানমন্ডিতে অবস্থিত তক্ষশিলা বিদ্যালয়ে বর্ণিল আয়োজনে বসন্তকে বরণ করে নিয়েছে শিক্ষার্থীরা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে স্কুল ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বসন্ত উৎসবের এ আয়োজনে সহযোগী হিসেবে ছিল ইতিহাস ও ঐতিহ্য পরিষদ। বসন্ত বরণ উপলক্ষে শিক্ষার্থীরা নাচ, গান ও নৃত্য পরিবেশনার মাধ্যমে ঋতুরাজকে স্বাগত জানায়। রঙিন পোশাক, ফুলেল সাজ ও প্রাণবন্ত পরিবেশনায় পুরো ক্যাম্পাস হয়ে ওঠে আনন্দঘন মিলনমেলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার-এর পরিচালক এবং রাজনীতি ও সংস্কৃতি বিষয়ক প্রথম সচিব অ্যান ম্যারি জর্জ।
ম্যারি জর্জ বলেন, “এখানে এসে বাঙালির সংস্কৃতি উপভোগ করেছি। আমি স্কুল কর্তৃপক্ষ ও ইতিহাস ও ঐতিহ্য পরিষদকে ধন্যবাদ জানাই। বসন্ত আমাদের প্রকৃতির কাছে ফিরে যাওয়ার আহ্বান জানায়। বাংলাদেশ ও ভারতের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন দীর্ঘদিনের। আমাদের যত বেশি সাংস্কৃতিক আদান-প্রদান বাড়বে, দুই দেশের বন্ধন তত দৃঢ় হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাস ও ঐতিহ্য পরিষদের সভাপতি আনোয়ার হোসেন (বীরপ্রতীক)। তিনি বলেন, “রঙিন বসন্ত আজ যেন এখানে আরও রঙিন হয়ে ধরা দিল। আমাদের লোকজ সংস্কৃতি শিক্ষার্থীরা যেভাবে তুলে ধরল, তা সত্যিই আমাদের জন্য গর্বের। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য যেন কোনো আগ্রাসনে হারিয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।”
এ সময় তিনি বসন্তকে ভাষার মাস বলেও উল্লেখ করেন।
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বলেন, “এমন আয়োজনের অংশ হতে পেরে ভালো লাগছে। বাঙালির সংস্কৃতি যেন কখনও হারিয়ে না যায়, সে লক্ষ্যে আমরা কাজ করছি।”
স্বাগত বক্তব্যে তক্ষশিলা বিদ্যালয়ের অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা নাদিমুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ ও সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের রয়েছে হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য। আমরা এসব সাংস্কৃতিক ঐতিহ্য শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে চাই।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ঢাকা/এমএসবি/জান্নাত