ওসির সঙ্গে বাগবিতণ্ডা করা সেই মাহদীকে দিল্লি থেকে ফেরত
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শায়েস্তাগঞ্জ থানার ওসির সঙ্গে মাহদী হাসানের বাগবিতণ্ডা। ছবি: ভিডিও থেকে নেওয়া
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী হাসান ভারতের দিল্লি বিমানবন্দরে গেলে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রায় ৪০ মিনিট তাকে হেফাজতে রাখার পর বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে মাহদী হাসান নিজেই নিশ্চিত করেছেন।
লাইভে মাহদী বলেছেন, “আমি দিল্লি বিমানবন্দর থেকে বলছি। আমার সঙ্গে যা ঘটেছে, তা দেশে গিয়ে সংবাদ সম্মেলনে জানাব। এখানে আমাকে প্রায় ৪০ মিনিট পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আমি আমার দেশের দূতাবাসে কথা বলতে বলেছিলাম। এরপরও আমার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। পরে দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করে আমাকে দেশে পাঠানো হচ্ছে।”
দুপুর ১২টা ৪০ মিনিটে ইন্ডি গো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাকে ঢাকায় ফেরত পাঠানো হয়। এর আগে, গতকাল দিল্লিতে ফিনল্যান্ডের দূতাবাসে অবস্থান করছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এর আগে, গত ১ জানুয়ারি শায়েস্তাগঞ্জ থানার ওসির সঙ্গে মাহদী হাসানের বাগবিতণ্ডা হয়। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে, আন্দোলনের মুখে ২৪ ঘণ্টার আগে তিনি জামিনে মুক্তি পান।
আরো পড়ুন
থানায় ওসির সঙ্গে বাগবিতণ্ডা, সেই বৈষম্যবিরোধী নেতা আটক
ওসির সঙ্গে বাগবিতণ্ডা, গ্রেপ্তার মাহদীর মুক্তি চেয়ে কড়া হুঁশিয়ারি
ঢাকা/মামুন/রাজীব