বইমেলা শুরু ২৫ ফেব্রুয়ারি, লাগবে না স্টল ভাড়া: সংস্কৃতিমন্ত্রী
রাইজিংবিডি ডেস্ক || রাইজিংবিডি.কম
অনিশ্চয়তা ও প্রস্তুতি নিয়ে আলোচনার পর অবশেষে নির্ধারিত হলো অমর একুশে বইমেলার সূচি। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাঙালির আবেগ ও সংস্কৃতির অন্যতম বৃহৎ আয়োজন এই বইমেলা।
নতুন সরকারের সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমিতে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানান।
সদ্য দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই দুই মন্ত্রী সরাসরি বাংলা একাডেমিতে এসে প্রকাশক ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসেন। সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় তাদের স্বাগত জানান বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং সচিব সেলিম রেজা। সন্ধ্যা ৭টায় শুরু হওয়া বৈঠকে বইমেলার প্রস্তুতি, অংশগ্রহণ ও আয়োজন নিয়ে প্রকাশকদের বিভিন্ন দাবি ও মতামত তুলে ধরা হয়।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বইমেলা সম্পর্কিত সর্বশেষ পরিস্থিতি সভায় অবহিত করেন। এরপর প্রকাশকদের বিভিন্ন অংশের উত্থাপিত দাবিদাওয়ার পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়:
১। অমর একুশে বইমেলা-২০২৬ আগামী ২৫ফেব্রুয়ারি শুরু হয়ে ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত চলবে।
২। বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানসমূহের স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হবে।
৩। ২০২৬-এর বইমেলায় অংশগ্রহণকারী যেসব প্রকাশক ইতিপূর্বে স্টল বরাদ্দ নেননি, তারা আগামীকাল ১৯ফেব্রুয়ারি বিকাল ৩টার মধ্যে আবেদন করবেন এবং সেই ভিত্তিতে একইদিন ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় তাদের স্টল বরাদ্দ করা হবে।
ঢাকা/সাইফ