পাবিপ্রবি ক্যাফেটেরিয়ায় চুরির অভিযোগে কর্মচারী বরখাস্ত
পাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সেন্ট্রাল ক্যাফেটেরিয়ার ক্যাশ থেকে টাকা চুরির অভিযোগে এক কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
রবিবার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত আদেশে বিষয়টি জানানো হয়। বরখাস্ত হওয়া কর্মচারীর নাম সংকর দাস। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে ক্লিনার হিসেবে কর্মরত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা অফিস আদেশে জানানো হয়, সেন্ট্রাল ক্যাফেটেরিয়ার ক্যাশ থেকে টাকা চুরির অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া পরিচালক ড. মো. একরামুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/আতিক/জান্নাত