মালয়েশিয়াকে বিশাল ব্যবধানে হারিয়ে বাংলাদেশের তিনে তিন
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স প্রতিযোগিতায় প্রথম দুই ম্যাচে শেষ মূহুর্তে গিয়ে বাংলাদেশ ‘এ’ দল ম্যাচ জিতলেও এবার ব্যাট-বলের দাপট দেখিয়েছে। মালয়েশিয়া জাতীয় দলকে ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
ব্যাংককে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৭ উইকেটে ১৫১ রান তোলে। টুর্নামেন্টে এখন পর্যন্ত যা বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। দারুণ বোলিংয়ে মালয়েশিয়াকে বাংলাদেশ ‘এ’ দল ৯ উইকেটে ৬১ রানের বেশি করেত দেয়নি। এর আগে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৪ রানে ও থাইল্যান্ড জাতীয় দলকে ৩ উইকেটে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশের জয়ের নায়িকা অভিজ্ঞ লতা মন্ডল। ব্যাটিংয়ে ৪৪ বলে ৪৮ রানের পর বোলিংয়ে ২ ওভারে ২ রানে ১ উইকেট নেন।
এছাড়া ব্যাটিংয়ে উজ্জ্বল ছিলেন শারমিন সুলতানা (৩০) ও অধিনায়ক ফাহিমা খাতুন (২৯)। শেষ দিকে ২ ছক্কায় ১১ বলে ১৯ রান তুললে বাংলাদেশের রান দেড়শ পেরিয়ে যায়।
মালয়েশিয়া বোলারদের মধ্যে নুর দানিয়া ৩০ রানে ২ উইকেট নেন।
জবাব দিতে নেমে মালয়েশিয়ার নুর আরিয়ানার ২২ রান বাদে কেউ রান পাননি। বাকি কোন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ফাতেমা জাহান ১০ রানে পেয়েছেন ৩ উইকেট। শরিফা খাতুন ১৩ রানে৷ নেন ২ উইকেট।
আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের সেমিফাইনাল ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান।
ঢাকা/ইয়াসিন/আমিনুল