ব্রিজের ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ
বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বরিশালের আগৈলঝাড়ায় একটি আয়রন ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য সোহেল মোল্লার বিরুদ্ধে।
বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর আগে, মঙ্গলবার বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, ব্রিজ নির্মাণের অজুহাতে স্থানীয়দের কাছ থেকে একাধিকবার টাকা নিয়েছেন ইউপি সদস্য সোহেল মোল্লা। পাশাপাশি ঢালাইয়ের সময় এলাকাবাসীর কাছ থেকে পাঁচ ব্যাগ সিমেন্ট সংগ্রহ করেছেন তিনি।
স্থানীয় সূত্র জানায়, উপজেলা রত্নপুর ইউনিয়নের দুশমী-করিমবাজার খালের উপর বারপাইকা গ্রামের রুহুল হোসেনের বাড়ির সামনে ইউনিয়ন পরিষদের অর্থায়নে একটি আয়রন ব্রিজ নির্মাণ করা হয়। ব্রিজটি ৪৫ ফুট দৈর্ঘ্য ও সাড়ে ৫ ফুট প্রস্ত।
সরকারি নিয়ম অনুযায়ী, ব্রিজের পাঁচ ইঞ্চি ঢালাই দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে সাড়ে তিন ইঞ্চি। শুধু তাই নয়, দৈর্ঘ্যে ৮ ইঞ্চি ও প্রস্থে ৬ ইঞ্চি পরপর রড দেওয়ার নিয়ম থাকলেও ঠিকাদার দিয়েছেন এক ফুট পরপর। এর মাঝে বাশেঁর কঞ্চি দিয়ে মঙ্গলবার ঢালাই সম্পন্ন করেছেন।
স্থানীয় বাসিন্দা হিমু মোল্লা বলেন, “ব্রিজটি ৫৫ ফুট দৈর্ঘ্যের হলেও ইউপি সদস্য সোহেল মোল্লা ঢালাই দিয়েছেন ৪৫ ফুট। এছাড়া, বিভিন্ন সময় ব্রিজের সুফলভোগীদের কাছ থেকে ৮৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সোহেল মোল্লা বলেন, “ব্রিজ নির্মাণের জন্য স্থানীয়দের কাছ থেকে কোনো টাকা নেইনি।”
রডের পরিবর্তে বাঁশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “বাঁশ ব্যবহার করা হয়েছে ৪৫ ফুট ব্রিজের বাইরে।”
রত্নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার বলেন, “আয়রণ ব্রিজ নির্মাণের জন্য প্রথম পর্যায় দেড় লাখ টাকা দেওয়া হয়েছিল। সম্প্রতি ঢালাইয়ের জন্য দেওয়া হয় এক লাখ টাকা।”
উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, “ব্রিজ ঢালাই দেওয়ার কথা আমাদের কেউ জানাননি। এলজিইডিকে না জানিয়ে কেউ ব্রিজের ঢালাই দিতে পারেন না।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক বলেন, “ব্রিজের ঢালাইয়ের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। সরেজমিনে গিয়ে ব্রিজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
ঢাকা/পলাশ/রাজীব
হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা দিলেন ট্রাম্প