বিশ্ব অর্থনীতির জন্য সামনে কঠিন সময় আসছে: আইএমএফ
মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমাধান না হলে এবং তেলের দাম বেশি থাকলে বিশ্ব অর্থনীতির জন্য সামনে কঠিন সময় আসছে। বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর প্রধান ক্রিস্টালিনা জর্জিভা এই সতর্কবার্তা দিয়েছেন।
জর্জিভা জানিয়েছেন, মুদ্রাস্ফীতির ঝুঁকি খাদ্যপণ্যের দামেও ছড়িয়ে পড়তে পারে।
ওয়াশিংটনে আইএমএফ এবং বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকের সময় এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, “সংঘাত চলতে থাকলে আমাদের সামনের কঠিন সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে।”
২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলা তেহরানকে পাল্টা জবাব দিতে প্ররোচিত করে। এর ফলে তেল ও সারের একটি গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যায়। এরপর থেকে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়েছে, যা দেশগুলোকে চাপের মধ্যে ফেলেছে।
জর্জিভা বলেন, “ন্যায্যমূল্যে সারের সরবরাহ শিগগিরই পুনরায় শুরু না হলে আমরা মুদ্রাস্ফীতির ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন, যা খাদ্যপণ্যের দামেও ছড়িয়ে পড়তে পারে।”
দেশগুলো যখন তাদের নাগরিকদের উপর মূল্যস্ফীতির আকস্মিক প্রভাব সীমিত করার পদক্ষেপ নিচ্ছে, তখন জর্জিভা কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সুদের হার সমন্বয় করার আগে পরিস্থিতি ‘অপেক্ষা করে দেখার’ আহ্বান জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, এটি বিশেষত সেইসব ক্ষেত্রে প্রযোজ্য যেখানে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে বলে জনগণের একটি ‘সুপ্রতিষ্ঠিত’ প্রত্যাশা রয়েছে।
আইএমএফ-এর প্রধান বলেন, “যদি আমরা যুদ্ধ থেকে দ্রুত বেরিয়ে আসতে পারি, তবে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নাও হতে পারে।”
তিনি বলেন, “আমরা এখনো এমন এক সময়ে আছি যখন সংঘাতের দ্রুত সমাধান সম্ভব।”
ঢাকা/শাহেদ
হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা দিলেন ট্রাম্প