ঢাকা     সোমবার   ১৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ৩০ ১৪৩২ || ২৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সাইফের ১৩৮ রানের পর তাসকিনের ৪ উইকেট, সৌম্যর ফিফটি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৬, ১৩ এপ্রিল ২০২৬   আপডেট: ১৯:২০, ১৩ এপ্রিল ২০২৬
সাইফের ১৩৮ রানের পর তাসকিনের ৪ উইকেট, সৌম্যর ফিফটি

লম্বা সময় ধরে ব্যাট-বলের প্রস্তুতি নেওয়ার পর ম্যাচ অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিলেন ক্রিকেটাররা। সোমবার মিরপুরের সেন্টার উইকেটে জাতীয় দল (এ টিম) ও বাইরে থাকা ক্রিকেটাররা (বি টিম) নিজেদের মধ্যে একটি ৫০ ওভারের ম্যাচ খেলেন।

যেখানে আলো ছড়িয়েছেন জাতীয় দলে থাকা ব্যাটসম্যান সাইফ হাসান। ১৩৩ বলে ৬ চার ও ৮ ছক্কায় ১৩৮ রান করেন তিনি। টিম ‘এ’র এই ওপেনার বাদে বাকি কেউ ফিফটিও ছুঁতে পারেননি। তাতে আগে ব্যাটিংয়ে নেমে টিম ‘এ’ ৭ উইকেট হারিয়ে ২৯২ রান করে। জবাব দিতে নেমে টিম ‘বি’ ১৬৪ রানের বেশি করতে পারেনি৷

আরো পড়ুন:

সৌম্য সরকার সর্বোচ্চ ৫৫ রান করেন। এছাড়া টিম ‘এ’-র হয়ে বল হাতে আলো ছড়িয়ে তাসকিন আহমেদ ৪ উইকেট নেন। ১২৮ রানের বড় জয়ে নিজেদের প্রস্তুতি বেশ ভালোভাবে সারল সাইফ-তাসকিনরা। জাতীয় দলের তানজিদ হাসান (৭), নাজমুল হোসেন শান্ত (১২), লিটন দাস (৯) রান পাননি।

নাজমুল ও লিটনকে ফিরিয়েছেন মোসাদ্দেক। তানজিদ আউট হন ইবাদতের বলে। ভালো শুরুর পর ৩৪ রানে থেমে যান আফিফ হোসেন। এছাড়া মিরাজ ২০ ও তানজিম হাসান ২৭ রান করেন। সতীর্থদের ব্যর্থতার দিনে সাইফ ছিলেন ধ্রুপদী।

অনায়েস ব্যাটিংয়ে রান তুলেছেন। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত মোট ২৩২ মিনিট ক্রিজে কাটিয়েছেন। বল হাতে টিম ‘বি’র হয়ে মোসাদ্দেক ও ইবাদত ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট পেয়েছেন খালেদ, নাসুম ও সৌম্য। সৌম্য ব্যাটিংয়ে ৫৫ রান করেন ৮৫ বলে, ৯ বাউন্ডারিতে।

এরপর মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হন। ৩১ রান আসে শামীম হোসেন পাটোয়ারীর ব্যাট থেকে। বাকিরা ছিলেন নিষ্প্রভ। তাসকিনের ৪ উইকেট বাদে মিরাজ ও তানজিম ২টি করে উইকেট নেন। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে  নিউ জিল্যান্ড ক্রিকেট দল আজ রাতে আসছে ঢাকায়। প্রথম ওয়ানডে ১৭ এপ্রিল মিরপুরে শুরু হবে সকাল ১১টায়।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়