চোখের জলে চিরবিদায়, পঞ্চভূতে বিলীন আশা ভোসলে
পঞ্চভূতে বিলীন হলেন সংগীতশিল্পী আশা ভোসলে
পঞ্চভূতে বিলীন হলেন ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোসলে। সোমবার (১৩ এপ্রিল) বিকালে মুম্বাইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আশার শেষকৃত্যে মুখাগ্নি করেন তার ছেলে আনন্দ ভোসলে। এর মাধ্যমে চিরতরে নিভে গেল সুরের আলো। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
আজ সকাল থেকে মুম্বাইয়ের লোয়ার পারলে গায়িকার বাসভবন ছিল চাঁদের হাট। তবে সেই সমাবেশে ছিল না কোনো উৎসবের মেজাজ, বরং শোকের কালো ছায়ায় ঢেকেছিল পুরো অঞ্চল। বোনকে শেষ বিদায় জানাতে হাজির হয়েছিলেন প্রবীণা মঙ্গেশকর কন্যা মীনা খাড়িকর। উপস্থিত ছিলেন—অভিনেতা আমির খান, ক্রিকেটার শচীন টেন্ডুলকার, সংগীত পরিচালক এ আর রহমান, জাভেদ আলী, অভিনেত্রী টাবু, আশা পারেখ, নীল নীতিন মুকেশ, জ্যাকি শ্রফের মতো তারকারা। তাছাড়া রাজনৈতিক অঙ্গনের বর্ষীয়ান নেতারাও শেষ বিদায় জানাতে ভিড় করেন লোয়ার পারলেতে।
বাসভবনে শ্রদ্ধা জ্ঞাপন শেষে আশা ভোসলের মরদেহ নিয়ে যাওয়া হয় শিবাজি পার্ক শ্মশানে। আশা ভোসলের প্রিয় সাদা-হলুদ রঙের ফুলে সাজানো হয়েছিল তার শববাহী গাড়ি। রাস্তার দু’ধারে ছিল অগণিত ভক্ত-অনুরাগী। ভালোবাসার চোখের জলে চিরবিদায় জানান তারা। শ্মশানে উপস্থিত ছিলেন বিনোদন জগৎ, রাজনীতি এবং ক্রীড়া অঙ্গনের দিকপালরা।
গত ১১ এপ্রিল, অসুস্থ হয়ে পড়লে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় আশা ভোসলেকে। রবিবার (১২ এপ্রিল) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯২ বছর।
১৯৪৩ সালে সংগীত ক্যারিয়ার শুরু করেন আশা ভোসলে। ৮ দশকের বেশি সময়ব্যাপী তার কর্মজীবন। শুধু হিন্দি নয়, অন্যান্য ২০টি ভারতীয় ভাষার পাশাপাশি বেশ কিছু বিদেশি ভাষাতেও গান রেকর্ড করেছেন।
সংগীত জীবনে মোট ৯২৫টিরও বেশি সিনেমায় গান গেয়েছেন। মনে করা হয়, তিনি ১২ হাজারের অধিক গান গেয়েছেন। ভারত সরকার তাকে ২০০৮ সালে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে। ২০১১ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস তাকে সর্বাধিক সংখ্যক গান রেকর্ডকারী হিসেবে ঘোষণা করে।
বড় বোন লতা মঙ্গেশকরের সেক্রেটারি গণপতরাও ভোসলেকে প্রথম বিয়ে করেন আশা ভোসলে। তখন তার বয়স ছিল ১৬ বছর আর গণপতের বয়স ছিল ৩১ বছর। ১৯৬০ সালে ভেঙে যায় এ সংসার। ১৯৮০ সালে গায়ক আরডি বর্মনকে বিয়ে করেন আশা। ১৯৯৪ সালে মারা যান আশা ভোসলের দ্বিতীয় স্বামী আরডি বর্মন।
ঢাকা/শান্ত
হামসহ শিশুদের টিকা নিয়ে দুদকে অভিযোগ: অধ্যাপক ইউনূস ও সাবেক উপদেষ্টা নূরজাহানের বিরুদ্ধে তদন্ত দাবি