ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আমরা বন্ধুর মতো ছিলাম, অমরিশ পুরিকে নিয়ে অজয়

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩১, ৩০ মে ২০২৬   আপডেট: ০৯:১৩, ৩০ মে ২০২৬
আমরা বন্ধুর মতো ছিলাম, অমরিশ পুরিকে নিয়ে অজয়

অজয় দেবগন, অমরিশ পুরি

ভারতীয় সিনেমার দাপুটে অভিনেতা অমরিশ পুরি। তার ব্যক্তিত্বও ছিল কঠোর। কিন্তু অমরিশ পুরির সঙ্গে অভিনেতা অজয় দেবগনের সম্পর্ক ছিল বন্ধুরে মতো। শুটিং সেটে দুষ্টুমিতে মেতে থাকতেন এই তারকা। বিভিন্ন সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন অজয় দেবগন—

অমরিশ পুরির সঙ্গে অজয়ের বন্ধন
প্রথম কোন সহ-অভিনেতার সঙ্গে আপনার ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল? এ প্রশ্নের উত্তরে অজয় দেবগন বলেন, “আমি বলব, সাঞ্জু (সঞ্জয় দত্ত), সালমান (সালমান খান)। প্রথম সিনেমায় অমরিশজির সঙ্গে কাজ করেছিলাম। অসাধারণ একজন মানুষ ছিলেন তিনি।”

আরো পড়ুন:

দাপুটে অভিনেতা, কঠোর ব্যক্তিত্বের অধিকারী অমরিশ পুরির সঙ্গে দুষ্টুমিতেও মেতে থাকতেন অজয়। স্মৃতিচারণ করে তিনি বলেন, “অমরিশজি আমার চেয়ে অনেক সিনিয়র, বয়সে বড় ছিলেন। ইন্ডাস্ট্রিতে তিনি একমাত্র মানুষ, যার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। কিন্তু আমাদের সম্পর্ক ছিল বন্ধুর মতো। আমি তাকে যেকোনো কথা বলতে পারতাম, মজা করতাম। কখনো কখনো তিনি রাগ করতেন, পরে নিজেই ফিরে এসে হাসতেন। আমাদের বন্ধন সবসময়ই বিশেষ ছিল।”

অমরিশ পুরিকে বাবার মতো ভালোবাসতেন অজয়
যারা জানেন না তাদের জন্য বলে রাখা ভালো, ১৯৯১ সালে পরিচালক কুকু কোহলির ‘ফুল আউর কাঁটে’ সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অভিষেক ঘটে অজয় দেবগনের। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন মধু। সিনেমার গল্পে হেমা মালিনির ভাইঝির চরিত্রে অভিনয় করেন তিনি। তাছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন—অরুণ ইরানি, জগদীপ, অমরিশ পুরি। সিনেমাটির সাফল্যের পর অজয় ও অমরিশ একসঙ্গে আরো বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন। যেমন: ‘দিব্যা শক্তি’ (১৯৯৩), ‘দিলজালে’ (১৯৯৬), ‘জান’ (১৯৯৬), ‘ইতিহাস’ (১৯৯৭)।

অজয় দেবগনের কাছে অমরিশ পুরি ছিলেন বাবার মতো। দ্য কপিল শর্মা শোয়ে অতিথি হিসেবে উপস্থিত হয়ে অজয় দেবগন বলেন, “অমরিশজি এখন আর আমাদের মাঝে নেই। কিন্তু তিনি আমার কাছে বাবার মতো ছিলেন। আমি যাদের চিনি, তাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষদের একজন ছিলেন তিনি। ইন্ডাস্ট্রিতে কারো সমস্যা হলে, কারো বিয়ে হলে বা কারো পরিবারের কেউ মারা গেলে, সবার আগে তিনি পৌঁছাতেন।”

অজয়ের হাতে এখন যত কাজ
অজয় দেবগন এখন রোহিত শেঠির ‘গোলমাল ফাইভ’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ সিনেমায় আরো অভিনয় করছেন—আরশাদ ওয়ার্সি, কুনাল খেমু, তুষার কাপুর, শরমন জোশি, শ্রেয়াস প্রমুখ। এছাড়াও আরো ৩টি সিনেমার কাজ রয়েছে অজয়ের হাতে। এ তালিকায় রয়েছে—‘দামাল ফোর’, ‘রেঞ্জার’, ‘দৃশ্যম থ্রি’। 

ঢাকা/শান্ত/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়