ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কালীগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মিলনমেলা, ঐক্যবদ্ধ কাজের প্রত্যয়

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৪, ৩০ মে ২০২৬   আপডেট: ১০:৩৫, ৩০ মে ২০২৬
কালীগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মিলনমেলা, ঐক্যবদ্ধ কাজের প্রত্যয়

গাজীপুরের কালীগঞ্জে উপজেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পারস্পরিক সহযোগিতা, মানবিক কার্যক্রমে সমন্বয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত এ সভা স্থানীয় স্বেচ্ছাসেবীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘কালীগঞ্জ কল্যাণ সংস্থা’র কার্যালয়ে সভার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় অর্ধশত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি অংশ নেন।

কালীগঞ্জ কল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মো. রাশিদুল হাসান রুবেলের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, সমাজের কল্যাণে কাজ করা সংগঠনগুলোর মধ্যে সমন্বয় ও যোগাযোগ বাড়ানো গেলে মানবিক কর্মকাণ্ড আরো বেগবান হবে। বক্তরা অভিজ্ঞতা বিনিময়, যৌথ উদ্যোগ গ্রহণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অংশগ্রহণকারীরা উপজেলার বিভিন্ন সামাজিক সমস্যা, মানবিক সহায়তা কার্যক্রম এবং তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ত করার নানা দিক তুলে ধরেন। ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে তারা মিলনমেলার আয়োজনের দাবি জানান।

কালীগঞ্জ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. মাশহুদুর রহমান সাজেদ জানান, নানা ব্যস্ততা ও সীমাবদ্ধতার মধ্যেও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সভাটিকে সফল ও অর্থবহ করেছে। উপস্থিত প্রতিনিধিদের আন্তরিকতা ভবিষ্যতের সামাজিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংস্থাটির সভাপতি অ্যাডভোকেট মু. আতিকুর রহমান ভূঁঞা জানান, আয়োজনে কিছু সীমাবদ্ধতা থাকলেও সবাই যে আন্তরিকতা ও ভালোবাসা নিয়ে অংশ নিয়েছেন, সেটিই  সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়ে মানবিক ও সমাজকল্যাণমূলক কাজে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ঢাকা/রফিক/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়