নড়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল।
নড়াইলের লোহাগড়ায় বাসের ধাক্কায় সাব্বির গাজী (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শওকত হোসেন (১৮) নামে এক যুবক।
বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন সন্ধ্যায় কালনা-যশোর-বেনাপোল মহাসড়কের আলমুন্সির মোড় এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
মারা যাওয়া সাব্বির যশোরের অভয়নগর উপজেলার দিঘলিয়া গ্রামের বাবুল গাজীর ছেলে। আহত শওকত হোসেন একই গ্রামের রিপন গাজীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের দিন সাব্বির ও শওকত দিঘলিয়ার গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা মধুমতি সেতু দেখতে আসেন। সেতু এলাকা ঘুরে বাড়ি ফেরার পথে সন্ধ্যার দিকে আলা মুন্সির মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা রোজিনা পরিবহনের একটি বাস তাদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন সাব্বির ও শওকতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার জরুরি বিভাগে চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন। আহত শওকতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, “সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে।”
ঢাকা/শরিফুল/মাসুদ
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী আজ