ঢাকা     সোমবার   ১৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ৩০ ১৪৩২ || ২৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফ অবসরপ্রাপ্ত পুলিশের, হাসপাতালে মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৭, ১৩ এপ্রিল ২০২৬   আপডেট: ১৯:৫৪, ১৩ এপ্রিল ২০২৬
ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফ অবসরপ্রাপ্ত পুলিশের, হাসপাতালে মৃত্যু

লক্ষ্মীপুরে ছেলেসহ তিনজনকে কুপিয়ে আহত করার পর অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোমবার (১৩ এপ্রিল) সকালে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নাছির আহমদ (৫৫)। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার এখলাসপুর গ্রামের বাসিন্দা।

আরো পড়ুন:

নাছির আহমদ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার ট্রাফিক বিভাগে চাকরি করতেন এবং ওই এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। প্রায় এক বছর আগে তিনি চাকরি থেকে অবসর নেন।

আহতরা হলেন- নাছির আহমদের ছেলে ইমরান, একই এলাকার গোলাম রহমানের ছেলে মিজানুর রহমান এবং আব্দুল মান্নানের ছেলে নাছির আহমদ।

স্থানীয়রা জানান, সকালে ইমরান গলায় গুরুতর জখম নিয়ে বাসা থেকে বের হন। এ সময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে নাছির তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। এতে আরো দুই জন আহত হন। একপর্যায়ে নাছির তিনতলা ভবনের ছাদে উঠে ঝাঁপ দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে নাছির আহমদের মৃত্যু হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাছির আহমদ মারা গেছেন। অভিযুক্ত পুলিশ সদস্য প্রায় এক বছর আগে অবসরে গেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

ঢাকা/জাহাঙ্গীর/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়