রেকর্ড ভাঙার উল্লাসে শিরোপার দ্বারপ্রান্তে বায়ার্ন
জার্মান লিগে আবারও দাপট দেখাল বায়ার্ন মিউনিখ। মৌসুম শেষ হওয়ার আগেই গড়ে ফেলেছে নতুন ইতিহাস। আর শিরোপা জয়ের পথও এখন প্রায় নিশ্চিত।
শনিবার রাতে সেন্ট পাউলিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে এক মৌসুমে সর্বোচ্চ গোলের বুন্দেসলিগা রেকর্ড ভেঙে দিয়েছে বায়ার্ন। দলের হয়ে ৫৩ মিনিটে গোল করে ইতিহাস গড়েন লিয়ন গোরেৎসকা। এটি ছিল চলতি মৌসুমে তাদের ১০২তম লিগ গোল।
এর আগে ১৯৭১-৭২ মৌসুমে কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও গার্ড মুলারদের দল করেছিল ১০১ গোল। সেই রেকর্ডে প্রথমে সমতা আনেন জামাল মুসিয়ালা। ম্যাচের ৯ মিনিটে তিনি হেডে গোল করেন। এরপর গোরেৎসকার ভলিতে ভাঙে বহুদিনের সেই রেকর্ড।
এরপর থেমে থাকেনি বায়ার্ন। দ্রুতই গোলসংখ্যা বাড়িয়ে ১০৫-এ নিয়ে যায় দলটি। মাইকেল ওলিসে, নিকোলাস জ্যাকসন ও রাফায়েল গেরেইরোও নাম লেখান গোলের তালিকায়।
এই জয়ে বোরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে ১২, হাতে এখনও বাকি ৫ ম্যাচ। ফলে আরেকটি লিগ শিরোপা এখন কেবল সময়ের অপেক্ষা।
এই মৌসুমে বায়ার্নের গোলবন্যা ইউরোপজুড়েই আলোচনার বিষয়। ইতোমধ্যে তারা ছুঁয়ে ফেলেছে ১০৫ গোল। যা ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির ২০১৭-১৮ মৌসুমের ১০৬ গোলের রেকর্ড ভাঙার পথে। এমনকি ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদের ২০১১-১২ মৌসুমের ১২১ গোলের রেকর্ডও এখন লক্ষ্যবস্তু।
সবচেয়ে বড় ব্যাপার, বায়ার্ন এই কীর্তিগুলো গড়ছে মাত্র ৩৪ ম্যাচের লিগ কাঠামোয়। যা তাদের সাফল্যকে আরও অনন্য করে তুলেছে।
কোচ ভিনসেন্ট কোম্পানির অধীনে দুর্দান্ত মৌসুম কাটাচ্ছে বায়ার্ন। টানা প্রথম ১৪ ম্যাচ জিতে ইউরোপের শীর্ষ ৫ লিগে নতুন রেকর্ড গড়েছে তারা। খুব দ্রুতই ৫০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলার কীর্তিও আছে এই দলের।
দলের আক্রমণের মূল ভরসা হ্যারি কেইন, যিনি একাই করেছেন ৩১ গোল। পাশাপাশি লুইস দিয়াজ ও মাইকেল ওলিসেও নিয়মিত গোল করে দলকে এগিয়ে নিচ্ছেন।
তবে রেকর্ডের উচ্ছ্বাসে ভেসে যেতে নারাজ কোম্পানি। সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ- চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন। যেখানে প্রথম লেগে তারা এগিয়ে ২-১ ব্যবধানে।
ঢাকা/আমিনুল
ভারতীয় উপ-মহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন