বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ: আলোচনাতেই সমাধান সম্ভব ছিল, দাবি আমিনুল হকের
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ভারত ও শ্রীলঙ্কা এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক। প্রতিযোগিতায় খেলার কথা ছিল বাংলাদেশেরও। কিন্তু লিটন, শান্ত, তাওহীদ, তাসকিনরা এখন দর্শক। নিজের মতো করে সময় কাটাচ্ছেন। মিরপুরে কেউ কেউ ঘাম ঝরাচ্ছেন। কেউবা আছেন দেশের বাইরে। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকায় অন্তবর্তীকালীন সরকার ভারতে বিশ্বকাপ খেলতে দল পাঠায়নি। সরকার নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ায় বিসিবিরও কিছু করার ছিল না। ক্রিকেটার এবং বিসিবির একাধিক পরিচালকও অবাক হয়েছিলেন সরকারের সিদ্ধান্তে।
তেমনই অবাক হয়েছিলেন আমিনুল হক। যিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। নির্বাচনের পর ক্ষমতার পালাবদল হয়েছে। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসেবে মঙ্গলবার শপথ নিয়েছেন। দায়িত্ব নিয়েই আমিনুল হক কথা বললেন ক্রীড়াঙ্গনের অনেক বিষয় নিয়ে। যেখানে উঠে আসে ভারত, বাংলাদেশ ও আইসিসির সাথে টানাপোড়েনের সম্পর্ক নিয়েও।
ক্রীড়া প্রতিমন্ত্রী মনে করেন, ভারত ও বাংলাদেশ এবং আইসিসির সঙ্গে যে জটিলতা তৈরি হয়েছে তা ভালোভাবে আলোচনা করে সমাধান করা যেত। তাহলে বাংলাদেশ দলও খেলতে পারত বিশ্বকাপে। তার ভাষ্য, ‘‘ক্রিকেটের যে একটি ইস্যু রয়েছে, আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আমরা বিশ্বকাপ খেলতে যাইনি, সেটা একটি কূটনৈতিক নীতির কারণে। কূটনৈতিকভাবে একে অপরের সাথে আলোচনার করে যদি সমাধান করতে পারতাম, তাহলে হয়তোবা আমাদের দল বিশ্বকাপ খেলত। আমি চাই যে, এটি দ্রুত অবসান হবে।”
শুধু কথাতেই নয়, কাজেও এগিয়ে গেছেন আমিনুল। শপথ অনুষ্ঠানে ভারতের ডেপুটি হাইকমিশনারের সাথে এ বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি, ‘‘আমাদের সংসদ ভবনে ভারতের ডেপুটি হাইকমিশনারের সাথে আমার দেখা হয়েছিল। এই বিষয়গুলো নিয়ে আমি তার সাথে কথা বলেছি এবং সেও খুব ফ্রেন্ডলি। আমিও তাকে খুব ফ্রেন্ডলিভাবে বলেছি যে, আমরা দ্রুতই এই সমস্যাটি আলোচনার ভিত্তিতে নিরসন করতে চাই।’’
খেলাধুলা নয়, প্রতিবেশি দেশগুলোর সার্বিক দিকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির আশাবাদও জানান আমিনুল, ‘‘আমাদের পার্শ্ববর্তী সকল দেশের সাথে যাতে আমাদের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, সেটা খেলাধুলা থেকে শুরু করে সব সেক্টর নিয়ে আমরা যেন একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারি। ইতিমধ্যে আমি কথা বলেছি, আমাদের যে পার্শ্ববর্তী দেশ রয়েছে, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে সকল স্পোর্টসের সকল বিভাগে যেন আমরা একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারি। আলোচনার ভিত্তিতে, আদান-প্রদানের মাধ্যমে যাতে আমরা একটি সুন্দর ক্রীড়াঙ্গন গড়ে তুলতে পারি, সে লক্ষ্য থাকবে।”
মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ দেওয়ার জেরে বাংলাদেশ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে। আইসিসি বারবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বোঝানোর চেষ্টা করলেও মানেনি বাংলাদেশ।
ঢাকা/ইয়াসিন/আমিনুল