ক্ষমা ও ভালোবাসা দিয়ে শিল্পীদের আপন করে নেওয়ার আহ্বান জয়ের
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম
জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে বিজয়ী হয়েছে বিএনপি। জয়ের পরই দলটির চেয়ারম্যান তারেক রহমান ছুটে যান বিরোধী দলের নেতাদের বাড়িতে। তার এই রাজনৈতিক আচরণ দেশের মানুষের প্রশংসা কুড়িয়েছে।
আলোচিত অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ও অন্যদের মতো তারেক রহমানের এই রাজনৈতিক শিষ্টাচারের প্রশংসা করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। বিষয়টি নিয়ে জয় বলেন, “আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার বিরোধী সকলের বাসায় গিয়ে রাজনৈতিক নতুন কালচার তৈরি করেছেন। সবাইকে নিয়েই বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ। তিনি তার স্লোগানের পথেই হেঁটেছেন।”
তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী প্রসঙ্গে জয় বলেন, “আগামীতে যিনি তথ্য কিংবা সংস্কৃতি মন্ত্রী হবেন, আশা করি তার দেখানো পথে শিল্প এবং সংস্কৃতি অঙ্গনের সকলকে নিয়ে ভেদাভেদের ঊর্ধ্বে গিয়ে ভুল বুঝাবুঝি নিরসন করে ভালোবাসা এবং ক্ষমা দিয়ে সবাইকে আপন করে নিবেন। সবাইকে একসাথে নিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করবেন।”
শিল্পীদের কাদামাটির সঙ্গে তুলনা করে জয় বলেন, “শিল্পীরা কাদামাটির মতো। শিল্পীরা পানির মতো। তাদেরকে যেভাবে বানাবেন, যে রঙের বোতলে রাখবেন তারা সেভাবেই ফুটে উঠবেন।”
শিল্পী-সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে জয় বলেন, “আপনারা খেলাকে যেভাবে গুরুত্ব দেন শিল্প ও সংস্কৃতিকে দেন না। যদিও জনাব তারেক রহমান সেই দিন শিল্প ও সংস্কৃতি নিয়ে সুন্দর কথা বলেছেন, তারপরও জেনে রাখবেন শুধু ভারত-পাকিস্তান না বিশ্বের সব জায়গায় শিল্পী এবং সাহিত্যিকের দাম প্রাইসলেস। মূল্য দিন। মূল্য ফিরে পাবেন। বাংলাদেশের শিল্প এবং সংস্কৃতিকে বিশ্ব পরিমন্ডলে ছড়িয়ে যেতে মেধা এবং পৃষ্ঠপোষকতা বিকশিত করে দিন।”
ঢাকা/শান্ত