বড় জয়ে সুপার এইটে পাকিস্তান
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম
ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারার পর পাকিস্তানের পরের রাউন্ডে যাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু দারুণ পারফরম্যান্সে সেই শঙ্কাকে উড়িয়ে দিয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছে তারা। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) কলম্বোতে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নামিবিয়াকে ১০২ রানে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে সালমান-বাবররা।
আগে ব্যাট করতে নেমে সাহিবজাদা ফারহানের ক্যারিয়ারের মেইডেন সেঞ্চুরিতে ভর করে ৩ উইকেটে ১৯৯ রান তোলে পাকিস্তান। জবাব দিতে নেমে নামিবিয়া ১৭.৩ ওভারে মাত্র ৯৭ রানে অলআউট হয়।
রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নামিবিয়া। দলীয় সংগ্রহ ৫০ ছোঁয়ার আগেই সাজঘরে ফেরেন চার ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ৯৭ রানের মধ্যে হয়ে যায় তারা অলআউট।
ব্যাট হাতে নামিবিয়ার কেবল দুইজন ব্যাটার দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে লরেন স্টিনক্যাম্প ২৩ ও আলেক্সান্ডার বুসিং-ভোলসচেংক করেন ২০ রান। বল হাতে পাকিস্তানের উসমান তারিক ৩.৩ ওভারে ১ মেডেনসহ মাত্র ১৬ রান দিয়ে ৪টি উইকেট নেন। শাদাব খান ৪ ওভারে ১৯ রানে নেন ৩টি।
তার আগে ফারহান উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নেমে শেষ বল পর্যন্ত অপরাজিত থাকেন। ৫৮ বল মোকাবিলা করে ১১টি চার ও ৪ ছক্কায় বরাবর ১০০ রানে অপরাজিত থাকেন। যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক। আর বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় পাকিস্তানি ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করার কীর্তি গড়েন। সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচসেরাও হন তিনি।
ফারহান ছাড়া সালমান আলী আগা ৩৮ ও শাদাব খান করেন অপরাজিত ৩৬ রান।
ঢাকা/আমিনুল