ঢাকা     বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেরপুরে ৩ কোটি টাকার ভারতীয় ওষুধ জব্দ, পাচারকারীরা পলাতক

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৬  
শেরপুরে ৩ কোটি টাকার ভারতীয় ওষুধ জব্দ, পাচারকারীরা পলাতক

শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাইপথে বাংলাদেশে আনা বিপুল পরিমাণ ‘ট্যাপেন্টাডল’ ট্যাবলেট জব্দ করেছে ৩৯ বিজিবি। দীর্ঘদিন ধরে হেরোইনের বিকল্প হিসেবে মাদকসেবীরা এই ব্যথানাশক ট্যাবলেটের মূল উপাদান ব্যবহার করে আসছে। সরকার ২০২০ সালে ট্যাপেন্টাডলকে মাদকদ্রব্য হিসেবে ঘোষণা করে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম এলাকায় টহলকালে এসব ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যায়।

আরো পড়ুন:

উদ্ধার হওয়া ট্যাবলেটের বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ১২ লাখ ৯৭ হাজার টাকা। দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে ৩৯ বিজিবি।

বিজিবি জানায়, একটি চক্র এই সীমান্ত এলাকা দিয়ে নানা কৌশলে ভারতীয় ওষুধ পাচার করছে এমন তথ্যে নজরদারি বৃদ্ধি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বিজিবির একটি টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ‘ট্যাপেন্টাডল ১০০ মিগ্রা’ ট্যাবলেট আটক করে।

ব্যথানাশক ট্যাবলেট ট্যাপেন্টাডলকে ২০২০ সালে ‘খ’ শ্রেণির মাদকদ্রব্য ঘোষণা করে সরকার। এই ট্যাবলেট দেশের ফার্মেসিগুলোতে বিক্রি বন্ধের নির্দেশনাও দেওয়া হয়। এরপর কিছুদিন নাগালের বাইরে থাকলেও সম্প্রতি মাদকসেবীদের কাছে এর চাহিদা ও জোগান বাড়ছে। অন্য মাদকের চেয়ে সহজলভ্য এবং দাম কম হওয়ায় এই মাদকের চাহিদা বাড়ছে বলে মনে করছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তারা।

ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়োজিত বলেন, “সীমান্ত নিরাপত্তা জোরদারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত মালামাল জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

ঢাকা/তারিকুল/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়