জনপ্রিয় সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায় আর নেই
কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম
সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়।
প্রখাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায় মারা গেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯২ বছর।
তিনি ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। পাঠক সমাজে তিনি শংকর নামে পরিচিত ছিলেন।
১৯৩৩ সালে অধুনা বাংলাদেশের যশোরে জন্ম নেওয়া মণিশংকর মুখোপাধ্যায়ের লেখা গত কয়েক দশক ধরে বাঙালি পাঠককে আবিষ্ট করে রেখেছিল। তাঁর অবিস্মরণীয় সৃষ্টি ‘চৌরঙ্গী’ আজও বিশ্বসাহিত্যের আঙিনায় অন্যতম মাইলফলক হিসেবে পরিচিত। এছাড়াও ‘কত অজানা রে’, ‘জন অরণ্য’, ‘সীমাবদ্ধ’ এর মতো উপন্যাসগুলো তাকে অমর করে রাখবে।
সাহিত্যজগতে অসামান্য অবদানের জন্য পেয়েছেন বহু সম্মান। দীর্ঘ প্রতীক্ষার পর ২০২১ সালে তিনি তাঁর ‘একা একা একাশি’ বইটির জন্য লাভ করেন মর্যাদাপূর্ণ সাহিত্য অ্যাকাদেমি পুরস্কার। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সাহিত্যের সঙ্গেই যুক্ত ছিলেন। তার বহু উপন্যাস বড়পর্দায় নিয়ে এসেছেন কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায় ও তরুণ মজুমদারের মতো ব্যক্তিত্বরা।
সদ্য স্বাধীন কলকাতার সাহেবপাড়ার জীবন, শহরের অন্তর্লীন টানাপোড়েন, মানুষের আশা-আকাঙ্ক্ষা ও বেদনার গল্প। তার অনবদ্য সৃষ্টি ‘চৌরঙ্গী' বাংলা উপন্যাসের ভুবনে এক মাইলফলক। পাশাপাশি ‘কত অজানারে’, ‘সীমাবদ্ধ', ‘জন অরণ্য'-র মতো কালজয়ী রচনা তাকে এনে দিয়েছে অনন্য সম্মান ও জনপ্রিয়তা।
তার সাহিত্যজীবনের সূচনা হয় ১৯৫৫ সালে প্রথম বই প্রকাশের মাধ্যমে। অল্প বয়সেই লেখা ‘কত অজানারে’ তাকে বিপুল পরিচিতি এনে দেয়। সেই সাফল্যই যেন তার দীর্ঘ সাহিত্যপথের ভিত মজবুত করে দেয়। বাস্তব জীবনঘনিষ্ঠ কাহিনি, সহজ অথচ গভীর ভাষা ও তীক্ষ্ণ পর্যবেক্ষণশক্তি, এই সব মিলিয়েই শংকরের সাহিত্য হয়ে উঠেছে প্রজন্মের পর প্রজন্মের পাঠকের প্রিয়। শরীরে তিনি আর নেই, কিন্তু তার লেখা বেঁচে থাকবে বাংলা সাহিত্যের ইতিহাসে, পাঠকের ভালোবাসায়।
শংকরের একাধিক উপন্যাস বড় পর্দাতেও সাফল্যের সঙ্গে রূপায়িত হয়েছে। কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায় তার সীমাবদ্ধ ও জন অরণ্য উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন। এছাড়া চৌরঙ্গী উপন্যাস থেকেও তৈরি হয় জনপ্রিয় সিনেমা, যেখানে মুখ্য চরিত্র স্যাটা বোসের ভূমিকায় অভিনয় করেন মহানায়ক উত্তম কুমার। এই প্রসঙ্গে শংকর একবার বলেছিলেন, “সত্যজিৎই আমাকে সকলের কাছে পৌঁছে দিয়েছে, ছড়িয়ে দিয়েছে।”
জনপ্রিয়তার নিরিখে চৌরঙ্গী এক অনন্য মাইলফলক। ২০১২ সাল পর্যন্ত উপন্যাসটির ১১১তম সংস্করণ প্রকাশিত হয়েছে, যা বাংলা সাহিত্যে বিরল কৃতিত্ব।
দুপুরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে সাহিত্যপ্রেমীদের মধ্যে। সহজ-সরল ভাষায় সাধারণ মানুষের অকথিত গল্প শোনানোর যে জাদুকরী ক্ষমতা তার ছিল, তা চিরকাল তাকে পাঠকের মনে বাঁচিয়ে রাখবে।
তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ বিশিষ্ট সাহিত্যিক ও শিল্পীরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, “বাংলার প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায় (শংকর) এর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তার প্রয়াণে বাংলা সাহিত্য জগতের একটি উজ্জ্বল নক্ষত্রের পতন হল। ‘চৌরঙ্গী' থেকে 'কত অজানারে', 'সীমাবদ্ধ' থেকে ‘জনঅরণ্য'—তাঁর কালজয়ী সৃষ্টিগুলি প্রজন্মের পর প্রজন্ম বাঙালি পাঠককে মুগ্ধ করেছে। তার লেখনীর আধারে উঠে এসেছে সাধারণ মানুষের জীবনসংগ্রামের না-বলা কথা। বিশেষ করে স্বামী বিবেকানন্দকে নিয়ে তার সুগভীর গবেষণা ও গ্রন্থসমূহ আমাদের কাছে অমূল্য সম্পদ। তার প্রয়াণ আমাদের সাংস্কৃতিক জগতের এক অপূরণীয় ক্ষতি। আমি তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও অগণিত গুণগ্রাহীকে আমার আন্তরিক সমবেদনা জানাই।”
ঢাকা/সুচরিতা/সাইফ