পাবিপ্রবি শাখা শিবিরের নতুন কমিটি ঘোষণা
পাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখায় ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইইসিই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তুষার মাহমুদ এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মাদ আবু সামা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদস্যদের সক্রিয় অংশগ্রহণে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠন করা হয়েছে।
নতুন নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরো সুসংগঠিত ও গতিশীল হবে বলেও তারা আশা প্রকাশ করেন।
নবনির্বাচিত সভাপতি তুষার মাহমুদ জানান, সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া তার জন্য যেমন সম্মানের, তেমনি গভীর দায়বদ্ধতার বিষয়। তিনি এ দায়িত্বকে ক্ষমতা নয়, বরং আমানত হিসেবে দেখেন। সংগঠনের প্রতিটি কর্মী ও সদস্যের নৈতিক, চারিত্রিক ও আদর্শিক উন্নয়নে কাজ করাই তাদের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
সেক্রেটারি মুহাম্মাদ আবু সামা বলেন, “সেক্রেটারির দায়িত্ব অত্যন্ত কঠিন ও ভারী। বিশেষ করে যারা আল্লাহভীরু, তাদের জন্য এ দায়িত্ব আরো বেশি জবাবদিহির।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীতিমালা অনুযায়ী ক্যাম্পাসে দলীয় ছাত্ররাজনীতি নিষিদ্ধ। এ প্রেক্ষাপটে কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
ঢাকা/আতিক/জান্নাত