ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির প্রমাণ মেলেনি: আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা
জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সমন্বিত কর্মসূচির প্রমাণ পাওয়া যায়নি। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি এনবিসি নিউজকে মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনো প্রমাণ ছাড়াই দাবি করে আসছিল, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সমন্বিত কর্মসূচি রয়েছে। ইরান বারবার এ দাবি অস্বীকার করে জানিয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধু বেসামরিক ব্যবহারের উদ্দেশে। তবে তেহরানের দাবিকে অস্বীকৃতি জানিয়ে চলতি সপ্তাহে ইরানের ওপর যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
রাফায়েল গ্রোসি বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইরানে ‘পারমাণবিক অস্ত্র তৈরির জন্য একটি পদ্ধতিগত এবং কাঠামোগত কর্মসূচির উপাদান’ সনাক্ত করতে পারেনি।
একই সাথে, তিনি নিশ্চিত করেছেন যে তেহরান ৬০ শতাংশ বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে - যা বেসামরিক জ্বালানি চাহিদার চেয়ে অনেক বেশি।
গ্রোসি জানান, এই ধরনের সমৃদ্ধকরণ এমন কিছু যা ‘শুধুমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোরই আছে।’
তিনি জোর দিয়ে বলেন, পরিদর্শকরা ইরান বোমা তৈরির ইচ্ছা পোষণ করে এই সিদ্ধান্তে আসতে পারেননি। তবে ইরানের মজুদ গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে। এই সমৃদ্ধকরণই ছিল ‘আমাদের উদ্বেগের উৎস।’
গ্রোসি বলেন, ইরানের ‘সেন্ট্রিফিউজগুলো ক্রমাগত ঘুরছিল এবং সেই উপাদানের আরো বেশি উৎপাদন করছিল। তাত্ত্বিকভাবে এটি ১০টিরও বেশি পারমাণবিক ওয়ারহেড তৈরি করার জন্য যথেষ্ট হত। কিন্তু তাদের কি সেগুলি আছে? না।”
ঢাকা/শাহেদ