উত্তেজনা প্রশমনে ইরানের প্রতি রাশিয়ার আহ্বান
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাওয়ার মধ্যে রাশিয়া দেশটির প্রতি উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) আলজাজিরা লিখেছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ টেলিফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে কথা বলেছেন এবং উত্তেজনা প্রশমনের ওপর জোর দিয়েছেন।
মন্ত্রণালয় জানায়, লাভরভ চলমান পরিস্থিতি উত্তেজনা হ্রাস এবং শক্তি প্রয়োগ না করার পক্ষে রাশিয়ার মৌলিক অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
তিনি একই সঙ্গে অঞ্চলের (মধ্যপ্রাচ্যের) সব দেশে বেসামরিক জনগণ ও নাগরিক অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের চতুর্থ দিনে এসে রাশিয়া এই আহ্বান জানাল।
২৮ ফেব্রুয়ারি ইরানে যুগল হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রথম দিনের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। সেই দিন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদসহ অনেক শীর্ষ সামরিক কর্মকর্তা ও কমান্ডাররাও নিহত হন।
হামলার সাফল্য সম্পর্কে একাধিকার ব্রিফি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের সব সামরিক স্থাপনা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। ধ্বংস করা হয়েছে ইরানের নৌবাহিনী।
ইরানে এই আগ্রাসনে দেশটির প্রায় ৮০০ মানুষ নিহত এবং পাঁচ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলে রেড ক্রিসেন্ট হালনাগাদ তথ্য দিয়েছে। পুরো ইরানের সব শহরেই কম-বেশি ধ্বংসযজ্ঞ দেখা যাচ্ছে।
ঢাকা/রাসেল